ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২:২৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিয়ে নিয়ে ভুল তথ্য, নুসরাতের নামে সংসদে নালিশ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টালিউডের সবচেয়ে আলোচিত নাম এখন নুসরাত জাহান। এই মডেল, অভিনেত্রী ও সাংসদকে নিয়ে আমাদের দেশেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা চলছে। কলকাতার তারকারাও সরব। ভারতের রাজনীতিবিদেরাও বাদ যাচ্ছেন না। নুসরাতের ‘স্বামী’ নিখিল জৈনও নিজের মতো করে এ বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এ কথা নুসরাতও অস্বীকার করেন না যে দুই বছর আগে ঘটা করে তুরস্কে দুজনের সম্পর্কের আনুষ্ঠানিকতা হয়েছে। তারিখটা ১৯ জুন, ২০১৯ সাল। তবে সেই আনুষ্ঠানিকতাকে ‘বিয়ে’ বলতে নারাজ নুসরাত। তাঁর দাবি, এই সম্পর্ক ‘বিয়ে’ নয়, ‘লিভ টুগেদার’। নুসরাত লিখিত বিবৃতি দিয়ে সরাসরি বলেছেন, তাঁরা বিয়ে করেননি। তিনি লিখেছেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে সেই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু দুই ভিন্নধর্মাবলম্বী মানুষের বিয়ের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত, যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়। ভারতে সেই বিশেষ আইন না মানলে আইনি মতে এটি বিবাহ নয়, লিভ-ইন সম্পর্ক।’

এই মন্তব্যে পর কম কটাক্ষ শুনতে হয়নি তৃণমূলের বশিরহাট কেন্দ্রের সাংসদকে। এখনো নেটবাসীর নানা কুমন্তব্য ও মিমের শিকার হচ্ছেন তিনি। তারই মাঝে এবার নুসরাতের বিরুদ্ধে লোকসভার স্পিকারের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। তার অভিযোগ, নিজের বৈবাহিক জীবন নিয়ে লোকসভায় বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন নুসরাত জাহান। ঘটনাটি তদন্ত করতে তিনি লোকসভার এথিকস কমিটিকে অনুরোধ করেছেন।

জানা গেছে, নুসরাতের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে গত ১৯ জুন স্পিকারকে একটি চিঠি লেখেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। চিঠির সঙ্গে তৃণমূল সাংসদের লোকসভা প্রোফাইলও জুড়ে দেন তিনি। যেখানে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছেন নুসরাত।

চিঠিতে মৌর্য অভিযোগ করেন, ‘লোকসভায় শপথগ্রহণের সময়ও নিজেকে নুসারত জাহান রুহি জৈন বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে বৈবাহিক জীবন সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমে নুসরাত যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে মিল খাচ্ছে না আগের তথ্য।’

বিজেপির এই সাংসদ আরও জানান, ২০১৯ সালের ২৫ জুন শাড়ি, সিঁদুর পরে হিন্দু নববধূর সাজে নুসরাত লোকসভায় শপথ নিয়েছিলেন। তখন কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় তাকে। সেই সময় সাংসদদের একটা বড় অংশকে পাশে পেয়েছিলেন তৃণমূল সাংসদ। এমনকি সংবাদমাধ্যমে দেখা গেছে, তার বিয়ের রিসেপশনে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংঙ্ঘমিত্রা দায়ুনের বিজেপি সাংসদ। তিনি জানান, ব্যক্তিগত জীবনে নুসরাত কী করছেন, তাতে কেউ নাক গলাচ্ছে না। তবে বৈবাহিক জীবন সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্য এটাই ইঙ্গিত দেয় যে, লোকসভায় বিভ্রান্তিকর তথ্য পেশ করেছেন নুসরাত, যা অনৈতিক ও বেআইনি। যদিও এ বিষয়ে নুসরাত এখনো কোনো বিবৃতি দেন।


-জেডসি