ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২৩:০৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার টলিউডে নতুন স্টাইলে মিথিলা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার নতুন স্টাইলে, নতুন রূপে দেখা যাবে দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে।  চলতি বছর জুলাইয়ে ওপার বাংলার সিনেমায় যাত্রা শুরু হয় মিথিলার। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিংও। নাম ‘মায়া’। এখন চলছে মুক্তির প্রস্তুতি। তারই প্রথম ঝলক প্রকাশ হলো আজ বৃহস্পতিবার সকালে।

যেখানে দেখা মিললো টলিউডের মিথিলা কিংবা মায়াকে। যার মাথাভর্তি জট, হাতে পিস্তল আর দিকভ্রান্ত চাহনি- সিনেমা বা চরিত্রটি সম্পর্কে আগ্রহ বাড়িয়ে দিলো নেটিজেনদের মনে। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় রাজর্ষি দে সিনেমাটি নির্মাণ করছেন।

ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের- সেই গল্পই উঠে আসবে ‘মায়া’য়।

কলকাতা থেকে মিথিলা জানান, ১৯৮৯ সালের কলকাতা শহর থেকে এই গল্পের শুরু। যা শেষ হবে সাম্প্রতিক সময়ে এসে। টলিউডের প্রথম ছবিতেই এমন একটি চরিত্র, নিশ্চয়ই ভাগ্যের বিষয়।

তার ভাষ্য, ‘ভাগ্য কি না জানি না। আমি আসলে খুব বেশি কাজও করি না। এই গল্পটা “ম্যাকবেথ”র অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল প্রথমে। এতে আমি তিনটি আলাদা চরিত্রে গেটআপে কাজ করেছি। চেষ্টা করেছি, প্রতিটি চরিত্রে আলাদা কিছু করার। আমার মনে হয় খারাপ হবে না।’ 

মিথিলা আরও বলেন, ‘দেখুন আমি বরাবরই নির্মাতা ভক্ত অভিনেত্রী। ছবির নির্মাতাই আমার ক্যাপ্টেন। ফলে এই ছবিতেও রাজর্ষি-দা-ই আমার মূল ফোকাসের বিষয় ছিল। মজার তথ্য, শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার চরিত্র সম্পর্কে কিছু জানাইনি সৃজিতকে। আমি আসলে প্রভাবিত হতে চাইনি এবং সৃজিতও সচেতনভাবে সেটা করতে চায়নি।’

জানা গেছে, মিথিলার পাশাপাশি ‘মায়া’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন গৌরব, রাহুল, তনুশ্রী, কমলেশ্বরসহ অনেকে। এটি মুক্তি পাবে ডিসেম্বরে।

এদিকে, টলিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ের সুবাদে মিথিলা এখন ঢাকা-কলকাতার রুটের নিয়মিত যাত্রী। চলমান মহামারির মধ্যেও বেশ ক’বার সীমান্ত পার হয়েছেন মিথিলা। শেষ গেছেন গত মাসেই। আর ফিরবেন শিগগিরই।