ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ২৩:০৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজের ছেলেরা সিনেমায় আসুক, চান না অভিনেত্রী কারিনা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

দুই সন্তানের জননী বলিউড তারকা কারিনা কাপুর। তার সন্তানদের একজনের নাম তৈমুর, অন্যজনের জাহাঙ্গীর। এই দুই ছেলের কেউ অভিনয়ে আসুক সেটা চান না কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরের বয়স মাত্র ৬ মাস, কিন্তু আমার মতোই দেখতে হয়েছে। আর টিম (তৈমুর) ওর বাবা সাইফের মতো’।

আরেকটু ব্যাখ্যা দিয়ে কারিনা বলেন, ৬ মাস বয়সে খুব বেশি মানুষকে পছন্দ করত না তৈমুর, কিন্তু জেহ স্বাচ্ছন্দ্যবোধ করে। তৈমুরের ব্যক্তিত্ব অনেকটাই ওর বাবা সাইফের মতো। জাহাঙ্গীর আমার ও সাইফের দু'জনেরই ব্যক্তিত্ব পেয়েছে। তৈমুর খুব শিল্প মনস্ক, শৈল্পিক বিষয়ে ওর আগ্রহ আছে। ছবি আঁকতে ভালবাসে, রঙ করতে পছন্দ করে। বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ রয়েছে। দেখা যাক জাহাঙ্গীরের আগ্রহ কীসে তৈরি হয়।

কেমন মা হতে চান? এমন প্রশ্নের জবাবে কারিনা বলেন, আমি চাই আমার দুই পুত্রই শতভাগ ভদ্রলোক হোক। আমি চাই মানুষ বলুক, তারা ভালোভাবে লালিত-পালিত হয়েছে। তাহলেই আমি ভাবব আমার জীবন সার্থক।

ছেলেরা সিনেমায় এসে তারকা হোক, এমনটা চান না কারিনা। তার ভাষ্য, ‘আমি চাইনা ওরা সিনেমার নায়ক হোক। আমি খুশি হব, যদি তৈমুর এসে আমাকে বলে- আমি অন্য কিছু করতে চাই। সেটা মাউন্ট এভারেস্ট আরোহণও হতে পারে; যেটা তার পছন্দ। আমি আমার ছেলেদের পাশে দাঁড়াতে এবং সমর্থন করতে চাই।’

সন্তানদের সব বিষয়ে অতিরিক্ত নাক গলাতে বিশ্বাসী নন এ অভিনেত্রী। তার কথায়, আমি চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। আমি চাই ওরা নিজেরা পড়ে গিয়ে শিখুক। কারণ এভাবেই আমার মা আমাদের শিখিয়েছে। আমার মা কোনোদিনও কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী ছিলেন না। বলতেন, নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নাও। কোনো ভুল হলে সেটা থেকেই শিক্ষা নাও। আমিও বিশ্বাস করি সেই পন্থায়। বিশ্বাস করি, নিজের ভুল থেকেই সবচেয়ে বড় শিক্ষা লাভ করা যায়। দুই ছেলেক সেভাবেই বড় করতে চাই।

বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে তারকা পরিচয়ের বাইরে তিনি একজন সংসারী নারী। তার স্বামী বলিউড তারকা সাইফ আলী খান। ২০১২ সালে তারা বিয়ে করেছিলেন। এর মধ্যে তৈমুরের জন্ম হয়েছে ২০১৬ সালে। আর জাহাঙ্গীর পৃথিবীতে এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

-জেডসি