ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:০৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চলচ্চিত্রে কাজ করতে আমি প্রস্তুত: তিশা 

সালেহীন বাবু

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

অভিনেত্রী তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা

আকাশের সঙ্গে মানুষের অদ্ভুত ধরনের মিল আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের রং পাল্টে যায়। আবার মানুষের মনে ক্ষণে ক্ষণে আসে পরিবর্তন। এই পরিবর্তন অবশ্য সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর জন্য। অভিনেত্রী তানজিন তিশাও তাই ভাবেন। না হলে প্রতিদিন ঘুম থেকেই উঠে শুটিংয়ের জন্য তাকে ঘর থেকে বেরিয়ে পড়তে হয়? শুটিংয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন-শব্দগুলো সবসময় কানের মধ্যে বাজতেই থাকে। মধ্যে সবকিছু থেকে খানিকটা বিরতি নিয়েছিলেন। বিরতির পর আবারও অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছোটপর্দার আলোচিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা। গল্পের প্রয়োজনে বিচিত্র চরিত্র নিয়ে পর্দায় হাজির হয়ে দর্শককে মুগ্ধ করেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কয়েকটি খন্ড নাটকে অভিনয় করেন তিশা। গোলাম সারোয়ার অনিকের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় 'সাইলেন্স' নাটকে তিশা অভিনয় করেছেন এখানে এক সম্ভ্রান্ত পরিবারের ধর্ষিতা পুত্রবধূর চরিত্রে। এই নাটকে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ। নাটকটিতে অভিনয় করে তৃপ্ত তানজিন তিশা। 
এই অভিনেত্রী বলেন 'এমন কিছু গল্প বা চরিত্র থাকে, যেগুলো করার পর তৃপ্তি পাওয়া যায়। এই কাজটাও ঠিক তেমন। আমার বিশ্বাস, দর্শকরা এটা পছন্দ করবেন।' 
রাজ মাহমুদের প্রযোজনা ও পরিচালনায় 'নেশার জাদুকর' নামে নাটকে তিশা অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে। এই নাটকের গল্পে তিশাকে দেখা যাবে ভিন্ন আরেক চরিত্রে।
এদিকে নতুন বছর থেকে প্রচারে আসছে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন-৪। যদিও ধারাবাহিক নাটকে খুব বেশি অভিনয় করেন না তিশা, তবে বহুল আলোচিত এই ধারাবাহিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী। ছোটপর্দায় সফলতা পেলেও তানজিন তিশাকে দেখা যায়নি বড়পর্দায়। তবে তিনি চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী। চলচ্চিত্রের জন্য তিনি নিজেকে প্রস্তুতও করেছেন বলে জানান। 
নিজের ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বলেন, 'মাঝে কিছুদিন ছোটপর্দার কাজ থেকে বিরত থাকলেও এখন আবার ছোটপর্দার কাজে নিয়মিত হয়েছি। চলচ্চিত্রে কাজ করার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। গল্প, চরিত্রসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় মনের মতো হলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করব।'
নাটক-ওয়েব ফিল্মের পাশাপাশি কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এক সময় বিজ্ঞাপনে অনেক সময় দিলেও কয়েক বছর ধরে তেমনটা দেখা যাচ্ছে না তিশাকে। বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়েন বিজ্ঞাপনে। সম্প্রতি এই অভিনেত্রী বিজ্ঞাপনে টানা কাজ করেছেন। 
এ নিয়ে তিশা বলেন, 'কয়েক বছর আমি বিজ্ঞাপনে নিয়মিত ছিলাম না। বিজ্ঞাপন করার সময় আমি কিছু বিষয় খুব গুরুত্বের সঙ্গে দেখি। যেমন-যে কোম্পানি বা প্রোডাক্টের হয়ে কাজ করি, সেটা কতটুকু মানসম্পন্ন, এরপর দেখি সেটি কে বানাবেন! সবকিছু যদি পছন্দমতো হয় তখনই বিজ্ঞাপনে কাজ করি। সবকিছু মিলিয়ে যদি ভালো মনে হয় এবং ব্যাটে-বলে মিলে তখনই সেটা করি। এবার সে রকম কিছু পেয়েছি বলেই পরপর কয়েকটা কাজ করছি।'
ওটিটি পস্ন্যাটফর্মেও সরব তিশা। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় 'লোহার তরী' নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছে। নাটকের মতো ওটিটির কাজেও নিয়মিত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এই অভিনেত্রী। 
তিনি বলেন, 'ওটিটির দর্শক বাড়ছে। ভালো গল্প ও চরিত্র পেলে এই মাধ্যমে নিয়মিত কাজের ইচ্ছা আছে।'