ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:০৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বুবলীর নতুন সিনেমা ‘কয়লা’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সময়ের ব্যস্ত নায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে ধারাবাহিক এক ডজন সিনেমায় অভিনয়ের পর বর্তমানে তিনি নতুন অন্য নায়কদের সঙ্গেও সমানে কাজ করছেন। এই তো কিছুদিন আগে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত ‘চোখ’ নামে সিনেমা। সেখানে তিনি অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউল রোশানের বিপরীতে।

এছাড়া ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেখানেও বুবলীর নায়ক নিরব হোসেন। পাশাপাশি ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমার কাজও ইতোমধ্যে শেষ করেছেন এই নায়িকা। সেটির নায়ক রোশন। শাকিব খানের সঙ্গে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামে একটি সিনেমায়ও তিনি অভিনয় করছেন। এত ব্যস্ততার মাঝে আরও একটি নতুন সিনেমা এলো বুবলীর হাতে।

সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘কয়লা’। দুই যুগ আগে বলিউডে মুক্তি পেয়েছিল একই নামে একটি সিনেমা। সেখানে একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। এবার ঢালিউডে নির্মিত হতে যাচ্ছে ‘কয়লা’। এটি করছেন সাইফ চন্দন। সেখানে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

তবে ঢালিউডের ‘কয়লা’ বলিউডের ‘কয়লা’র আদলে নির্মিত হচ্ছে না। পরিচালক সাইফ চন্দনের দাবি, নিজস্ব গল্প এবং স্বকীয়তা নিয়ে এটি নির্মিত হচ্ছে। যদিও এ সিনেমায় বুবলীর বিপরীতে নায়ক কে হবেন, সেটা এখনো চূড়ান্ত নয়।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নায়িকা নির্বাচন করা হয়েছে বুবলীকে। ইতোমধ্যে সিনেমায় গল্প ও চরিত্র শুনে ‘কয়লা’র প্রতি তিনি যে আগ্রহ দেখিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আশা করছি ভালোভাবেই কাজটি হবে এবং নতুন এক বুবলীকে আবিষ্কার করবেন দর্শক।’ নায়ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন একজন হিরো চাই, যেন তিনি সেই চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। সেটাও একটা চমক হতে পারে।

অন্যদিকে, নায়িকা বুবলী বলেন, ‘আসলেই আমি চরিত্রটি নিয়ে এক্সাইটেড। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্য।’ খুব শিগগির শুটিং ‍শুরু হবে বলেও তিনি জানান।