ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১১:১৭:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাল্যবিবাহ ঠেকাতে ফ্যাশন শোতে শিশুকন্যা

ফিচার ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৩:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার

গায়ে সাদা সালোয়ার, আকাশি নীল কামিজ। সেটাও ফুলহাতা। স্কুলের পোশাক যাকে বলে। পিঠে একটা স্কুলব্যাগ। কিন্তু একি! মাথায় একেবারে কনের মতো টিকলি, নাকে নথ, হাতে মেহেদি, চুরি। স্কুল ব্যাগে ঝুলছে ফুলের মালা। এ কেমন ফ্যাশন। আসলে এ এক প্রতিবাদ। বাল্যবিবাহের প্রতিবাদ। ছোট্ট মেয়েটির এই অসংগতিপূর্ণ ফ্যাশন আসলে এক নীরব প্রতিবাদ।

পাকিস্তানের সমাজে প্রতিস্তরে গেথে থাকা বাল্যবিবাহ নামক কাঁটা উচ্ছেদের প্রতিবাদ। নারী এবং শিশু উন্নয়নে যে অনেক পেছনে পড়ে রয়েছে পাকিস্তান তাতে কোনো সন্দেহ নেই। শৈশব কাটিয়ে ওঠার আগে পাকিস্তানের অধিকাংশ মেয়েকেই বসতে হয় বিয়ের পিঁড়িতে। তারই প্রতিবাদে সচেতনতা গড়ে তুলতেই এই প্রতিবাদ বলে জানিয়েছেন ফ্যাশন শোর উদ্যোক্তারা। সম্প্রতি বাল্যবিবাহের প্রতিবাদে পাকিস্তানে সচেতনতা প্রচার শুরু করেছে ইউএন ওমেন। মাহিরা খান থেকে শুরু করে পাকিস্তানের একাধিক প্রথম সারির অভিনেত্রী এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত।

এই শোতে ফ্যাশন ডিজাইনার জিশান জানিয়েছেন, এই ফ্যাশন শো থেকে যে অর্থ আসবে, সেটা সরাসরি চলে যাবে কাশ্যপ ফাউন্ডেশনে। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এখন পাকিস্তানে বাল্যবিবাহ রোধে কাজ করছে। ইতোমধ্যেই একাধিক শিশু, কিশোরীকে তারা উদ্ধার করেছেন। পড়াশোনার বন্দোবস্ত করেছে। সেই উদ্যোগকে উৎসাহ দিতেই স্কুল ইউনিফর্মে র‌্যাম্পে নীরব প্রতিবাদ বধূ বেশে বালিকা মডেলের।