করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শাবনূর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
হাসপাতালে অভিনেত্রী শাবনূর।
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বর্তমানে তার শারীরীক অবস্থা ভালো আছে। শাবনূরের বোন ঝুমুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
বুধবার তিনি বলেন, কয়েকদিন থেকে শাবনূর আপুর জ্বর ছিল। পরে তার নমুনা টেস্ট করানো হয়। ফলাফল পজিটিভ আসে। ২৭ ডিসেম্বর আইসোলেশনে থাকেন শাবনূর। বুধবার হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
সিনেমায় অভিষেকের পর নব্বই দশক থেকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন শাবনূর। দেশের প্রথম সারির নায়িকা হিসেবে ২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেন তিনি। তার প্রকৃত নাম কাজী শারমিন নাহিদ নূপুর। শাবনূর নামেই তিনি অধিক পরিচিত। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী।
১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই নায়িকা।
সালমান-শাবনূর জুটি বেঁধে ১৪টি সিনেমায় অভিনয় করেন। যার প্রতিটিই দর্শকপ্রিয়তা পায়। সালমানের মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর।
২০১২ সালের ২৮ ডিসেম্বরে ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে ঘর বাঁধেন শাবনূর। তবে বনিবনা না হওয়ায় ২০২০ সালের ২৬ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়।
পরিবার নিয়ে গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন শাবনূর। অস্ট্রেলিয়া-বাংলাদেশে যাওয়া-আসার মধ্যে থাকলেও, পৃথিবীব্যাপী করোনার সংক্রমণের কারণে ইচ্ছা থাকা পরও দেশে আসতে পারেননি তিনি।
গত ১৪ ডিসেম্বর ছিলো শাবনূরের জন্মদিন। জন্মদিনে দেশে ফেরার কথা থাকলেও আসতে পারেননি এই অভিনেত্রী। এদিকে করোনায় আক্রান্ত শাবনূর হাসপাতালে থেকে একমাত্র ছেলেকে নিয়ে চিন্তিত। কারণ গতকাল বুধবার তার ছেলের জন্মদিন ছিলো। দিনটিতে ছেলের পাশে না থাকতে পেরে কষ্ট অনুভব করছেন তিনি।
