লতা মঙ্গেশকরের সম্মানে হচ্ছে সংগীত একাডেমি
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
লতা মঙ্গেশকরের সম্মানে সংগীত একাডেমি গড়ার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। জাদুঘরটির নির্মাণ হবে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কালিনা ক্যাম্পাসে। দুদিন আগে ভারতীয় জনতা পার্টির লোকসভা সদস্য রাম কদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে অনুরোধ করেন, লতা মঙ্গেশকরকে উৎসর্গ করে শিবাজি পার্কে একটি জাদুঘর স্থাপন করতে। বর্তমানে শিবাজি পার্কে বালসাহেব ঠাকরের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে।
গত সোমবার (৭ ফেব্রুয়ারি) মধ্য প্রদেশের প্রশাসন ঘোষণা দেয়, তারা লতা মঙ্গেশকর স্মরণে একটি মিউজিক একাডেমি ও একটি জাদুঘর স্থাপন করবে। আর সেগুলো হবে লতার জন্মস্থান ইন্দোরে। তাঁর স্মরণে একটি স্মৃতিস্তম্ভও স্থাপন হবে সেখানে। এ ছাড়া রাজ্য সরকার লতা মঙ্গেশকরের নামে একটি পুরস্কার দেবে, যেটি তাঁর জন্মদিনে প্রদান করা হবে।
৬ ফেব্রুয়ারি সকালে অসীমের পথে পা বাড়ান সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুর সময় লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন লতা মঙ্গেশকর। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এ শিল্পী।
