ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১১:৫৭:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিল্পী রেবেকা সুলতানা মুগ্ধ করলেন শ্রোতাদের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৩২ এএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:২২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না’ এই কালজীয় গানের শিল্পী রেবেকা সুলতানা একক সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করে মুগ্ধ করলেন শ্রোতাদের।


জাতীয় জাদুঘরের উদ্যোগে আয়োজিত গানের আসরে শিল্পীর গাওয়া বিভিন্ন ঘরানার গানের সুরের মুর্ছনায় বিমোহিত হন বিপুল শ্রোতা।


শিল্পী প্রথমেই গেয়ে শোনান মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্বরণে ‘মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।’ পরে ‘জবে তুলসি তলায় প্রিয় সন্ধ্যা বেলায়’সহ তিনটি নজরুল সংগীত, দুয়ারে আইসাছে পালকি, তুমি ডেকে লও সেই দেশে’সহ পরে একটার পর একটা দেশগান, রবীন্দ্র সংগীত, লোকগীতি, আধুনিক, লালন, হাছন রাজার গান পরিবেশন করেন।


জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার রাতের এই সংগীত সন্ধ্যা নগরীর বিশিষ্টজনসহ প্রচুর শ্রোতা উপভোগ করেন। জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে শিল্পীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় জাতীয় জাদুঘরের পক্ষ থেকে।


শিল্পী রেবেকা সুলতানা গান শুরুর আগে সংক্ষিপ্ত কথামালায় বলেন, আমাদের পারিবারিক পরিবেশ ছিল সংস্কৃতি চর্চার অনুকূলে। বাবা শখ করে বেহালা বাজাতেন। গানে আগ্রহ ছিল তার। আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যেও সংগীত রসিক অনেকে। এই পরিবেশই আমাকে ও বোনদের সংগীত চর্চায় উৎসাহিত করেছে। 


জাতীয় জাদুঘরের কিপার ড. শিহাব শাহরিয়ার শিল্পীর পরিচিতি তুলে ধরে বলেন, পরিবাারে বড় বোন হিসেবে রেবেকা প্রথমে গান গাওয়া শুরু করেন। পরে তার অনুজ বোনেরার এ জগতে সামিল হয়ে খ্যাতিমান শিল্পী হয়েছেন দেশে। নজরুল গীতি শিল্পী হিসেবে তিনি টেলিভিশন ও বেতারে শুরু থেকে গান করেন। পরে নিয়মিত বেতার-টিভিতে এবং দেশে ও দেশের বাইরেও তার সুনাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে শিল্পী বিভিন্ন ঘরানার গানেও কণ্ঠ দেন। কূটনৈতিক স্বামীর চাকুরীর সুবাদে শিল্পী নেপাল, অস্ট্রেলিয়া, সুইডেন, আবুধাবি, লিবিয়া, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশে প্রবাস জীবনেও ওইসব দেশে সংগীত পরিবেশন করে খ্যাতিলাভ করেন।