ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১১:৫৯:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পদ্মাবতী হলো পদ্মাবত, তবুও চলছে বিক্ষোভ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

কোথাও সিনেমা হলে ভাঙচুর, কোথাও অগ্নি সংযোগ, কোথাও পথ অবরোধ! ‘পদ্মাবত’ সিনেমার বিরুদ্ধে বুধবার দেশের একাধিক জায়গায় চলেছে ‘জনতা কার্ফু’। দীপিকা পাড়ুকোনের নাক কাটলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠন।


মঙ্গলবার সন্ধ্যা থেকেই গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও উত্তরপ্রদেশে করণী সেনার কর্মীরা বিক্ষোভ শুরু করেছিল। এর রেশ রয়ে গেছে আজও।

 

মঙ্গলবার সকাল থেকে গুড়গাঁও, মথুরা, আহমেদাবাদ, লখনউয়ে শুরু হয় হিংসাত্মক কার্যকলাপ। নিরাপত্তাজনিত কারণে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও গোয়ায় ‘পদ্মাবত’ দেখানো হবে না বলে জানিয়েছে ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’।


আহমেদাবাদে মাল্টিপ্লেক্সে ভাঙচুর, সিনেমা হলে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল করণী সেনা অনুগামীদের বিরুদ্ধে। শহরে ৩০টির বেশি বাইক ও স্কুটার পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে শূন্যে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অশান্তির অভিযোগে ৫০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

 

নিরাপত্তাজনিত কারণে রাজ্যের কোনও মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলে ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ‘গুজরাত মাল্টিপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশন’।

 

‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র সভাপতি দীপক আশের বলেন, ‘‘পৃষ্ঠপোষকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। পরিবেশ যদি নিরাপদ থাকে, তাহলেই ছবিটি দেখাব।’’

 

পটীদার আন্দোলনের নেতা হার্দিক পটেলের প্রতিক্রিয়া, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে রাজ্যের বিজেপি সরকার। পাশাপাশি, ‘রাজপুত ও হিন্দুদের ভাবাবেগে আঘাত’ দেওয়া হয়েছে বলে রাজ্যে ওই ছবির মুক্তি বন্ধ রাখার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রূপানিকে চিঠিও দিয়েছেন হার্দিক।

 


অশান্তি নিয়ে দুঃখপ্রকাশ করেও এজন্য ভংসালীকেই দায়ী করেছেন করণী সেনার প্রধান লোকেন্দ্র সিংহ কালভী। এদিন তিনি বলেন, ‘‘কিছুতেই ছবি মুক্তি পেতে দেব না। গুলির সামনে দাঁড়াতে রাজি আছি। জনতা কার্ফু চলবে।’’

 

কানপুর ক্ষত্রিয় মহাসভার সভাপতি গজেন্দ্র সিংহ রাজওয়াত ঘোষণা করেছেন, ‘‘আমরা কোটি টাকা সংগ্রহ করেছি। যে দীপিকা পাড়ুকোনের নাক কেটে আনতে পারবে, তাকে ওই টাকা দেওয়া হবে।’’

 

দিল্লি-অজমীর এবং দিল্লি-জয়পুরের রাস্তা অবরোধ করে, টায়ার পোড়ানো হয়। পরিচালক ভংসালীর বিরুদ্ধে একটি এফআইআরের প্রেক্ষিতে আদালতে ছবির বিশেষ প্রদর্শনীর নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট।

 

উত্তরপ্রদেশের বরাবাঁকিতে এদিন ভংসালীর পোস্টার-ছবি পোড়ান স্থানীয় সংখ্যালঘুরা। তাদের বক্তব্য, ছবিতে হিন্দু রানি সম্পর্কে ‘ইতিহাসের তথ্যবিকৃতি’ তারা মানবেন না।

 

হরিয়ানার গুড়গাঁওয়ে এদিন বাইক এবং বাস পোড়ানো হয়েছে। সিনেমাহলগুলির কাছে সশস্ত্র অবস্থায় ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।


উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের একাধিক জায়গায় এদিন সিনেমাহলগুলির সামনে পোস্টার পোড়ানো, ভাঙচুর, হলকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। অশান্তির আশঙ্কায় মুম্বইয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

শুটিং চলাকালীন সেটে যে তাণ্ডব দিয়ে বিরোধিতা শুরু হয়েছিল, তা ছবিটির মুক্তির আগেও গুন্ডামিরই চেহারা নিল। ছবির নাম বদলে ‘পদ্মাবত’ রেখেও কাটল না সংকট।