আবার বিয়ে করছেন জোলি
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:০৬ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার
বিশ্ববিখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি চতুর্থবারের মত বিয়ে করতে যাচ্ছেন। ব্রিটিশ এক ধনাঢ্য সমাজকর্মীকে এবার বিয়ে করবেন তিনি। গুঞ্জন চলছে, ওই সমাজকর্মীর সঙ্গে এক বছর ধরে প্রেম করছেন জোলি।
জানা গেছে, এ বছরই আইনগতভাবে বিচ্ছেদ হচ্ছে জোলি ও পিটের। তাই হলিউড অভিনেত্রী জোলি আবার নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন।
জোলির এই বিয়ের খবর লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিনকে জানান অ্যাঞ্জেলিনা জোলির কাছের এক বন্ধু। তিনি জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতেই হতে পারে বিয়ে। এটি হবে লন্ডনের বাইরে জোলির রাজকীয় বাংলোতে।
এই বিয়ে নিয়ে জোলির ছয় সন্তান কি ভাবছেন! তারা নাকি ভীষণ খুশি। এরই মধ্যে ছেলে প্যাক্স বিয়েতে কোন গান বাজবে, কোন শিল্পী গাইবেন-এসব ঠিক করে ফেলেছে। তা ছাড়া বিয়ের পরের পার্টির কেক কেমন হবে, সেটা ঠিক করে ফেলেছে প্যাক্স। মেয়ে জাহারা ও ভিভিয়েন হবে জোলির ব্রাইডসমেইড ও ছেলে ম্যাডক্স হবে বরের বেস্টম্যান। আর আরেক মেয়ে শিলোহর হাত ধরে বিয়ের আসরে আসবেন জোলি। অন্যদিকে ছেলে ম্যাডক্স খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায় এই বিয়েতে। তাই সে বিয়ের আংটি নিয়ে আসবে বর ও কনের সামনে।
এর আগে ১৯৯৬ সালে অভিনেতা জনি লি মিলারকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন অভিনেতা বিলি বব থরটনকে, ১৯৯৯ সালে। সবশেষ ২০১৪ সালে ব্র্যাড পিটকে বিয়ে করে সংসারী হন জোলি। কিন্তু তা-ও ভেঙে যায় ২০১৬ সালে।
অ্যাঞ্জেলিনা জোলির জন্ম ৪ জুন, ১৯৭৫। জনপ্রিয় মার্কিন এই অভিনেত্রী। তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং একবার একাডেমি পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। বিশ্বব্যাপী মানবতার প্রচার এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন। রূপালী পর্দার অন্তরালে তার ব্যক্তিগত জীবন প্রায় সময়ই গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে।
১৯৮২ সালে লুকিন’ টু গেট আউট চলচ্চিত্রে বাবা জন ভটের সাথে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জোলির আবির্ভাব হয়। তবে পেশাদার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে স্বল্প বাজেটের ছবি সাইবর্গ-২ (১৯৯৩)-এ অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত প্রথম বড় মাপের ছবি হ্যাকারস (১৯৯৫)। এ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করেন।
পরবর্তীতে তাকে জর্জ ওয়ালেস (১৯৯৭) ও জিয়া (১৯৯৮)-এর মতো সমালোচক-নন্দিত চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। নাট্য চলচ্চিত্র গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯)-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। ভিডিও গেম নায়িকা লারা ক্রফ্ট চরিত্র নিয়ে লারা ক্রফ্ট: টুম্ব রেইডার (২০০১) চলচ্চিত্রে অভিনয় তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।
মূলত এরপর থেকেই জোলি হলিউডের অন্যতম ও সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তার চলচ্চিত্র-জীবনের সর্বোচ্চ ব্যবসায়িক সাফল্য যে দুটি চলচ্চিত্র থেকে এসেছে সেগুলো হলো অ্যাকশন-কমেডিধর্মী মি. এন্ড মিসেস. স্মিথ (২০০৫) এবং অ্যানিমেশন চলচ্চিত্র কুং ফু পান্ডা (২০০৮)।
ব্যক্তিগত জীবনে জোলি এরই মধ্যে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রথমবার অভিনেতা জনি লি মিলার, দ্বিতীয়বার বিলি বব থর্নটন ও তৃতীয়বার ব্রাড পিটের সাথে বিয়ে হয় তার। পরবর্তীতে সকলের সাথেই তার বিবাহবিচ্ছেদ ঘটে। জোলি-পিট যুগলের দাম্পত্য সম্পর্ক বিশ্বের গণমাধ্যমগুলোতে বারংবার আলোচিত হয়েছে। তাদের সন্তানের সংখ্যা ছয়; এর মধ্যে রয়েছে নিজেদের তিন সন্তান শিলোহ, নক্স ও ভিভিয়ান; এবং বিভিন্ন সময়ে দত্তক নেয়া তিন সন্তান ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।
(বিদেশী পত্রিকা অবলম্বনে)
