ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:৩০:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন অ্যাশ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার | আপডেট: ১২:৫৩ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার

বহু বছর ধরে আগুনটা ছাই চাপা ছিল। প্রতিবাদের ছোট স্ফুলিঙ্গ দাবানলের জন্ম দিয়েছে। যৌন হেনস্থা নিয়ে একের পর এক মুখ খুলছেন নায়িকারা। অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে অ্যাশলে জুড, সালমা হায়েক-প্রতিবাদীদের তালিকায় জুড়েছে একের পর এক নাম। শুরু হয়েছে ‘মি টু’ ক্যাম্পেন। এবার সেই প্রসঙ্গে নিজের কথা বললেন ঐশ্বর্য রায় বচ্চন।

 

না ‘মি টু’ তে নিজের কোনও তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেনি এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়। সব জায়গাতেই এই সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমার মনে হয়, কোনও নারীকে যদি নিজের আপত্তি সত্ত্বেও কোনও ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করা উচিত।

 

হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের কুপ্রস্তাব থেকে ‘মি টু’ প্রতিবাদের শুরু। প্রসঙ্গত, ঐশ্বর্যার প্রাক্তন ম্যানেজার সিমনে শেফিল্ড জানিয়েছিলেন, হার্ভে নাকি ঐশ্বর্যার সঙ্গেও আলাদা দেখা করতে চেয়েছিলেন। কোনও রকমে তা আটকেছিলেন সিমনে। তবে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বচ্চন বধূ।