মেয়েদের নিয়ন্ত্রণ করা হয় শরীরের ওপর জোর খাটিয়ে : বিদ্যা বালান
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৩০ পিএম, ২৬ মে ২০১৮ শনিবার
ভারতীয় চলচ্চিত্রে ব্যতিক্রমী একজন অভিনেত্রী বিদ্যা বালান। জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, মেয়েদের শরীর নিয়ে সমাজের এত মাথাব্যথা। কারণ মেয়েদের নিয়ন্ত্রণ করা হয় শরীরের ওপর জোর খাটিয়ে।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, শুধু নিজেকে নয়, চারপাশের নারীদের দেখেও সবসময়ে মনে হয়, মেয়েরা কোনও অংশে পুরুষের চেয়ে কম নন। নারীকেন্দ্রিক ছবিই আমি বেশি করি। তবে কেউ যখন জিজ্ঞেস করে, কীভাবে দশ দিক সামলাই, মনের মতো উত্তর পেতাম না। একটা ক্যাম্পেইনের অংশ হয়ে যেন উত্তরটা খুঁজে পেয়েছি, একাই এক শ।
সিনেমায় আইটেম গানের দৃশ্যে মেয়েদের উপস্থাপন নিয়ে বিভিন্ন সময় সমালোচনায় মত্ত্ব থেকেছেন অনেকে শিল্পী। এই বিষয়টি নিয়ে বিদ্যা বালান বলেন, আইটেম গান সবচেয়ে সহজ নিশানা। বছরের পর বছর ধরে যে ধরনের রোমান্টিক গান তৈরি হয়েছে, তাতেও মেয়েরা পণ্যের মতোই।
নারীর শরীর কালচারাল সিম্বল হলে পুরুষের শরীরও সেই কালচারের বাইরে নয় বলে অভিমত দেন তিনি। এক্ষেত্রে প্রধান সমস্যা সমাজ বলে মনে করেন বিদ্যা।
তিনি বলেন, সমাজ এ বিষয়ে কর্ণপাত করে না। এটা পিতৃতন্ত্রেরই একটা হাতিয়ার। নারীর মন-সত্তা-শরীরকে নিয়ন্ত্রণ করে পুরুষ আধিপত্য বজায় রাখতে চায়।
