শ্রীদেবী কন্যা জাহ্নবী হেনস্থার শিকার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:০৪ পিএম, ২৯ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৪ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এইতো কিছুদিন আগে এক কিশোরের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। সেই খারাপ অভিজ্ঞতা নিয়ে মুখও খোলেন সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভিড়ের মধ্যে ভক্তদের হাতে প্রায় শারীরিক হেনস্থার শিকার হতে যাচ্ছিলেন প্রয়াত সুপারস্টার বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।
শ্রীদেবী কন্যার নিরাপত্তারক্ষীদের চেষ্টায় শেষ মুহূর্তে রক্ষা পান স্টার কিড জাহ্নবী। ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় প্রায় ১০ থেকে ১৫ বছরের কয়েকজন ছেলে-মেয়ে তাকে ঘিরে ধরে। প্রথম দিকে তাদের ভালোবাসা ও উচ্ছ্বাসে খুশি হলেও, পরে তাদের আচরণে অস্বস্তি বোধ করতে থাকেন জাহ্নবী কাপুর। প্রথমে জাহ্নবী কয়েকজনের সঙ্গে হেসে হাত মিলিয়ে ছিলেন। কিন্তু পরে তারা জাহ্নবীকে এমনভাবে স্পর্শ করতে থাকে, যার ফলে তিনি অস্বস্তি বোধ করেন। অবশেষে দেহরক্ষীরা তাকে সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যায়।
উল্লেখ্য, জাহ্নবী কাপুর ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। এই সিনেমায় কাজ করার সময়ই তার মা শ্রীদেবী মারা যান।
