ক্যান্সারে আক্রান্ত সোনালী বেন্দ্রে
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০৩:০১ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার
বলিউডের এককালের নামী অভিনেত্রী ও মডেল সোনালী বেন্দ্রে হাই-গ্রেড ক্যান্সারে আক্রান্ত। আজ বুধবার এক সোশাল মিডিয়া ঘোষণার মাধ্যমে তিনি নিজে সবাইকে এ তথ্য জানান। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি এবং তার ক্যাপশনে এই দুঃসংবাদ জানান তিনি।
সোনালী বেন্দ্রে লেখেন, অনেক কিছুই কখনও তুমি চাইবে না, কিন্তু জীবন তোমার দিকে সেটা ছুড়ে দেবে। সম্প্রতি কয়েকটি পরীক্ষায় ধরা পড়েছে, আমি হাই-গ্রেড ক্যান্সারে আক্রান্ত। যা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। সামান্য ব্যথা, তার পর কিছু টেস্ট, তার পর......।
আমার পরিবার এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশেই আছেন। যারপরনাই সমর্থন যুগিয়ে যাচ্ছেন তারা। আমি সত্যিই সৌভাগ্যবান এবং তাদের ধন্যবাদ।
অন্য কোনো উপায় নেই, খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে। আর তাই চিকিৎসকদের পরামর্শমতে আমি দ্রুত নিউইয়র্ক যাচ্ছি চিকিৎসা শুরু করতে। আমরা আশাবাদী। এবং প্রতিটা পদক্ষেপে লড়াই করার জন্য প্রস্তুত আমি। গত ক`দিন ধরে যে ভালোবাসা আর সমর্থন আমি পেয়েছি, তাতে আমি নিজেকে ধন্য মনে করি।
আমি এই যুদ্ধটা নিচ্ছি.....আমি জানি আমার পিছে আমার পরিবার ও বন্ধুরা আছেন। তাই, হারবো না ভেবেই এই লড়াইটা আমি গ্রহণ করছি।
১৯৯৪ সালে গোবিন্দর বিপরীতে আগ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনালী বেন্দ্রে। পরবর্তী সময়ে রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সর্বশেষ ২০১৩ সালে ওয়ান্স আপন অ্যায় টাইম ইন মুম্বাই দোবারা সিনেমায় দেখা গেছে তাকে। এরপর থেকে ছোট পর্দায় একটি ফিকশন ও একটি রিয়েলিটি শো করতেন এই অভিনেত্রী।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
