চলচ্চিত্রে ফিরছেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার | আপডেট: ১২:২৪ পিএম, ২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার প্রয়াত নায়ক মান্নার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ”কৃতাঞ্জলি চলচ্চিত্র” থেকে নির্মাণ শুরু হতে যাওয়া ছবি ”জ্যাম” এর নায়িকা হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আর এ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আবার কামব্যাক করছেন ঢালিউড পাড়ার এক সময়ের জনপ্রিয় নায়িকা।
‘জ্যাম’ ছবির শুটিং শুরু হবে এ বছর অক্টোবর মাসে। ‘জ্যাম’ ছবির পাশাপাশি নঈম ইমতিয়াজের আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পূর্ণিমা। ছবির শিরোনাম ‘গাঙচিল’। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হবে। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর ‘জ্যাম’ গল্প থেকে ছবির চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন পান্থ শাহরিয়ার। ট্রাফিক জ্যামে প্রতিদিন মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্টের মানবিক দিকটি এই গল্পে মর্মস্পর্শীভাবে তুলে ধরা হয়েছে।
শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে নায়িকা পূর্ণিমার বড় পর্দায় যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ। প্রথম ছবিতে সফলতার দেখা না পেলেও সময়ের সাথে সাথে চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হয়ে ওঠেন তিনি। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ছোট্ট একটু ভালোবাসা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘সুলতান’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘পিতামাতার আমানত’, ‘মাটির ঠিকানা’, ‘সাথী তুমি কার’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘মায়ের জন্য পাগল’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য ভালোমানের ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর খ্যাতিও অর্জন করেন পূর্ণিমা।
ছোট পর্দায় নাটক-টেলিফিল্ম,উপস্থাপনা,বিজ্ঞাপনে সরব থাকলেও দীর্ঘদিন ধরে বড় পর্দায় পূর্ণিমাকে দেখা যায়নি। নতুন জ্যাম ছবির মধ্য দিয়ে আবার বড় পর্দায় ঝলক দেখাতে আসছেন পূর্ণিমা। দীর্ঘদিন পর সিনেমার অভিনয়ে ফেরা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘এতো দিন হাতে সিনেমা আসেনি তেমন নয়। আমি চেয়েছিলাম ভালো গল্পের একটি সিনেমা দিয়ে ফিরতে। অবশেষে এই সিনেমার গল্পটি ভালো লেগে গেল। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই এর কাছে যখন এই সিনেমার গল্পটা শুনলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে।’
