ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৪৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার | আপডেট: ১১:২০ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার

এ বছর ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। তৃতীয়বারের মতো এবার এ পদক প্রদান করা হচ্ছে। কিংবদন্তি এই নজরুল সংগীতশিল্পীর স্মরণে ২০১৬ সাল থেকে তার নামে চালু করা হয় এই পুরস্কার।

 

আগামী সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী সংগীত শিল্পী রুনা লায়লার হাতে সম্মাননা তুলে দেবেন উপাচার্য মো.আখতারুজ্জামান। সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেয়া হবে দুই ভরি সোনার একটি পদক এবং এক লাখ টাকা।

 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ (স্নাতক) সম্মান পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিএ পাওয়া শিক্ষার্থীকে দেওয়া হবে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই স্বর্ণপদক দেওয়া হবে। এর আগে এই সম্মাননা পেয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭)।

 

নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই বৃহত্তর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় ৮৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এসিআই ফাউন্ডেশনের সহায়তায় গঠন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’।