গেরুয়া শিবিরে এবার কি তবে কঙ্গনা!
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:০২ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০২:৩৭ পিএম, ২৯ জুলাই ২০১৮ রবিবার
বরাবর স্পষ্ট কথা বলতেই ভালোবাসেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত৷ তার জের ধরে যত বিতর্কই মাথাচাড়া দিয়ে উঠুক না কেন তিনি নির্ভীক৷ বিনোদন হোক বা রাজনীতি নিজের বক্তব্যকে বেশ জোর দিয়েই পেশ করেন তিনি৷ এবারেও তার অন্যথা হল না৷
তিনি জানালেন, প্রধানমন্ত্রীর পদের জন্য নরেন্দ্র মোদীই যথোপযুক্ত৷ ২০১৯-এর লোকসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই ভোটে মোদীর জয়লাভ করা প্রয়োজন। কারণ একমাত্র তিনিই পারেন দেশকে গর্ত থেকে বের করতে ৷
সূত্রের খবর, শনিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রীর শৈশব নিয়ে তৈরি শর্টফিল্ম চলো জিতে হ্য়াঁয়-এর প্রিমিয়ার ছিল৷ আজ রোববার এই শর্টফিল্মটি মুক্তি পাচ্ছে৷ আর সেখানেই হাজির ছিলেন কঙ্গনা৷ অক্ষয় কুমার, গুলসন গ্রোভার, আমিশা প্যাটেল, সঞ্জয় খানসহ আরও অনেকই সেখানে হাজির ছিলেন৷ এছাড়া ছিলেন মুকেশ আম্বানি৷
৩২ মিনিটের এই শর্টফিল্ম চলো জিতে হ্যাঁয়-এর একটি স্পেশাল স্ক্রিনিং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য রাষ্ট্রপতি ভবনে আয়োজিন করা হয়৷ ছবির তৈরির দায়িত্বে ছিলেন মহাবীর জৈন এবং ভূষণ কুমার৷ এর পরিচালক মঙ্গেশ হদাওয়ালে৷
এই শর্টফিল্মের স্ক্রিনিংয়ে প্রধানমন্ত্রীর বিষয়ে কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যকে হেলাফেলা করে দেখতে চাইছে না রাজনৈতিক মহল৷ তাহলে কি বলি কুইনও আসতে চলেছেন গেরুয়া শিবিরে, জল্পনা তুঙ্গে৷
