আজ সন্ধ্যায় নিক-প্রিয়াঙ্কার বাগদান
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৪৩ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার
প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আভাসটা পাওয়া যাচ্ছিল ১৮ জুলাই প্রিয়াঙ্কার জন্মদিন থেকেই। প্রিয়াঙ্কার জন্মদিনে লন্ডনে তাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন মার্কিন পপ তারকা নিক জোনাস। সে সময় থেকে বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা-নিক জুটি হালকা লুকোচুড়ি খেললেও আজ সেই রোমান্টিকতার লুকোচুড়ির অবসান হতে চললো।
আজ সন্ধ্যায় মার্কিন গায়ক নিক জোনাস ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান অনুষ্ঠিত হবে।এর আগে স্থানীয় সময় আজ সকাল ১০টার দিকে রোকা সেরিমনি অর্থাৎ পান-চিনি পর্ব অনুষ্ঠিত হয়। পঞ্জাবি রীতি মেনে বিয়ের আগে রোকা অনুষ্ঠান পালিত হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্য ও কাছের মানুষজন উপস্থিত ছিলেন। পাঞ্জাবি রীতিনীতিতে রোকা সেরিমনি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার বাড়িতে পূজোর অনুষ্ঠান হয়েছে। সকালেই পুজোর সামগ্রী নিয়ে পুরোহিতকেও প্রিয়াঙ্কার জুহুর বাড়িতে ঢুকতে দেখা যায়। এছাড়া অনুষ্ঠান উপলক্ষে নানা সামগ্রী গাড়ি থেকে প্রিয়াঙ্কার বাড়ির সামনে নামাতেও দেখা গেছে।
অনুষ্ঠানে হলুদ রংয়ের সালোয়ার-কামিজ পড়েছিলেন প্রিয়াঙ্কা। আর নিকের পরনে ছিল সাদা কুর্তা। অফিশিয়ালি এনপি লোগোর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন দুজনে। শুধু তাই নয় নিকের পরিবারের সদস্যদেরও ভারতিয় রীতিনীতি মেনেই পোশাক পরতে দেখা গেছে।
সন্ধ্যায় বাগদান অনুষ্ঠানটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ের সুবারবান হোটেলে অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ২০০ কক্ষ প্রস্তুত করা হয়েছে। সেখানে জমকালো পার্টিতে বলিউডের অনেক তারকার সমাগম দেখা যাবে।
গেল বৃহস্পতিবার রাতে মা ডেনিস ও বাবা কেভিন জোনাস সিনিয়রকে নিয়ে মুম্বাই পৌঁছান নিক জোনাস। তাদের সঙ্গে ছিলেন ভাই কেভিন ও জো জোনাস। বিমানবন্দরে শ্বশুরবাড়ির লোকদের স্বাগত জানান প্রিয়াঙ্কা নিজেই। সব ঠিক থাকলে আজই বাস্তব জীবনের নতুন জুটি হবেন নিক-প্রিয়াঙ্কা।
