মাত্র সাড়ে তিন বছর বয়সে অভিনয়ে অভিষেক
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৫ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৪:১৩ পিএম, ২৬ আগস্ট ২০১৮ রবিবার
বাংলা টেলিফিল্মে অভিষেক হল সাড়ে তিন বছর বয়সী আয়াশের। তার বাবা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার বাবা-পুত্রের অভিনয় উপভোগ করল দর্শক।
প্রচারিত চ্যানেল নাইনে বিনি সুতার টানে নামের বিশেষ টেলিছবিটিতে অপূর্বর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ প্রথমবারের মত অভিনয় করল। বয়স মাত্র সাড়ে তিন বছর। এই বয়সে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ক্ষুদে শিশুটি। আয়াশের সৌভাগ্য শুরুতেই সহশিল্পী হিসেবে পেয়েছেন বাবাকে।
ছোট্ট আয়াশকে দিয়ে অভিনয় করানো প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বললেন, আমার গল্পে তিন-চার বছরের একটি বাচ্চার চরিত্র ছিল। যে অপূর্বর ছেলের চরিত্রে থাকবে। তখনই মাথায় এলো, সত্যিকারের ছেলেই যদি পাই মন্দ হয় না। যদি অপূর্বর ছেলে অভিনয় করতে পারে, তাহলে তো সুবিধা। একসঙ্গে বাবা-ছেলে মিলে অভিনয় করলে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না। আয়াশকে অফার করলাম, রাজি হলো এবং খুবই ভালো অভিনয় করেছে সে।
এদিকে ছেলেকে নিয়ে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত অপূর্ব। তিনি বললেন, আমার জন্য এটা দারুণ ব্যাপার। আয়াশের সঙ্গে এত দ্রুত এভাবে অভিনয় করা হবে ভাবিনি। মজার ব্যাপার হলো, পুরো টেলিছবিতে ওর সঙ্গেই বেশির ভাগ দৃশ্য ছিল আমার।
