ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ৩:৩৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুভ জন্মদিন সামিনা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৮ আগস্ট ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৪৮ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

আজ মঙ্গলবার জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর জন্মদিন। জন্মদিনেই কানাডায় উড়াল দেবেন সামিনা। এই শিল্পীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে। ঘরোয়া আয়োজনে সোমবার দিনগত রাতে জন্মদিনের কেক কেটেছেন এই সঙ্গীত তারকা। সেই সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন পরিবারের সবার সঙ্গে।

এদিকে সামিনা চৌধুরীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে অনেকেই স্ট্যাটাস লিখেছেন। সামিনা চৌধুরীর বোন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ফেসবুকে লিখেছেন- আজ সুমার, সবার প্রিয় সামিনা চৌধুরীর জন্মদিন। এই শুভ তিথিতে সুমার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইলো। আরও ভালো ভালো গান উপহার যেন দিতে পারে শ্রোতাদের। মানুষের ভালোবাসা সব সময় পেয়ে এসেছি আমরা। এই শ্রেষ্ঠ উপহার যেন আজীবন পায় এবং সুস্থ থাকে আল্লাহতাআলার কাছে এই প্রার্থনা করি।


সামিনা চৌধুরী একজন বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী। যার নামের সাথেই সুরের ভুবন জড়িত। এ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় এবং কালজয়ী গান তিনি আমাদের উপহার দিয়েছেন। তার নাম শুনলেই শ্রোতাদের মনের ভেতর বেজে ওঠে কিছু অসম্ভব সুন্দর কথা ও সুরের কালজয়ী গান। শিরায় শিরায় তার বাবা, বাংলা গানের প্রবাদ পুরুষ মাহমুদুন্নবীর রক্ত প্রবাহমান। তার বাবা বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব প্রয়াত মাহমুদুন্নবী এবং বোন ফাহমিদা নবী।


তিনি বেশিরভাগই আধুনিক ও শাস্ত্রীয় গান গেয়েছেন। তার উল্লেখযোগ্য গানগুলির মধ্যে রয়েছে - জন্ম থেকেই জ্বলছি মাগো, আমার বুকের মধ্যখানে, আমার দুই চোখে দুই নদী, একবার যদি কেউ, কবিতা পড়ার প্রহর, ফুল পথে ফুল ঝরে । তিনি ২০০৫ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান সঙ্গীত প্রতিভা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।


এছাড়াও তিনি চ্যানেল আই এর ক্ষুদে গান রাজ , মাছরাঙ্গা টেলিভিশন এর ভালবাসি বাংলাদেশ এর বিচারক সহ আরও অন্যান্য কিছু রিয়্যালিটি শো অনুষ্ঠানের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সামিনা চৌধুরী বাংলা চলচ্চিত্রের জন্য প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করেছেন। তার অনবদ্য অবদানের জন্য তিনি, সেরা প্লেব্যাক গায়িকা হিসাবে জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৬), শ্রেষ্ঠ মহিলা কণ্ঠশিল্পী হিসাবে বাচসাস পুরস্কার (১৯৮৪) এবং শ্রেষ্ঠ গায়িকা (২০০৫) এর জন্য মেরিল প্রথম আলো আলো পুরস্কার অর্জন করেছেন।

চৌধুরী মাহমুদুন্নবী ও রশিদা চৌধুরী দম্পতি পরিবারে এই দিনে জন্মগ্রহণ করেন সামিনা চৌধুরী। ছোটবেলায় তার শিক্ষা জীবন শুরু হয় ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। তার পরিবারে তার বাবার পাশাপাশি তার বোন বোন ফাহমিদা নবী এবং ভাই পঞ্চম ও সঙ্গীতজ্ঞ। তার বাবার প্রেরনায় তিনি একটি প্লেব্যাকে সমসাময়িক গায়ক হিসাবে উন্নতি লাভ করেন। তিনি নতুন কুঁড়ি গানের অনুষ্ঠানে অংশ নেন এবং ১৯৭৭ সালে এই প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

আজ সঙ্গীতের নন্দিত গায়িকা সামিনা চৌধুরীর জন্মদিনে এই গুনি তারকার প্রতি রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।