টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ফাইল ছবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশের নতুন ও পুরোনো সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ করে দিতে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শিরোনামে উৎসবটি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এই উৎসব চলবে টানা পাঁচ দিন।
উৎসবের প্রতিটি সিনেমার টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে টিকিট পাওয়া যাবে।
ঢাবির এই উৎসব সাজানো হয়েছে কালজয়ী পুরোনো ছবি ও সাম্প্রতিক সময়ের আলোচিত নতুন সিনেমার সমন্বয়ে। ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘দেয়া নেয়া’র মতো ক্লাসিক ছবির পাশাপাশি প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর মতো নতুন প্রজন্মের সিনেমা।
এমনকি হলে মুক্তির অপেক্ষায় থাকা ছবিও থাকছে এবারের আয়োজনে। উৎসবজুড়ে প্রদর্শিত হবে ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি সময়সূচিতে সিনেমা দেখানো হবে। সেগুলো হলো সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বেলা ৩টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
