জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ববিতা। ফাইল ছবি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা ২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন। একুশে পদকপ্রাপ্তিতে ববিতা বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অনেক অনেক ভালোলাগার বিষয় এটাই যে আমি জীবদ্দশায় একুশে পদক পেতে যাচ্ছি। জীবদ্দশায় এমন রাষ্ট্রীয় পদক পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।
তিনি বলেন, আমি রাষ্ট্রের প্রতি এবং যারা আমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সকল ভক্ত দর্শকের প্রতি। তারা সবসময়ই আমার সকল কাজের অনুপ্রেরণা দিয়ে এসেছেন। অভিনয়ে থাকি কিংবা না থাকি তারাই, আমার ভালো মন্দের খোঁজ নিয়েছেন। তারা আমাকে অনুপ্রেরণা দিয়ে আজকের এই পর্যায়ে নিয়েছে এসেছেন।
তিনি আরও বলেন, কৃতজ্ঞতা সংবাদ মাধ্যমের প্রতি। আমার অভিনয় জীবনের শুরু থেকে আজ পর্যন্ত সংবাদ মাধ্যম সবসময় আমার পাশে ছিল, এখনো আছে। যেহেতু চলচ্চিত্রে আমার আসা শ্রদ্ধেয় শহীদ জহির রায়হানের হাত ধরে, তাই আমার একুশে পদকপ্রাপ্তি তাকেই শ্রদ্ধার সাথে উৎসর্গ করছি।
উল্লেখ্য, ববিতা ১৯৭৫ সালে ‘নয়নমনি’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ১৯৭৬ সালে ‘বসুন্ধরা’ সিনেমার জন্য এবং ১৯৭৭ সালে ‘বাদী থেকে বেগম’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এরপর ‘রামের সুমতি’, ‘হাছন রাজা’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’ (শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে), ‘কে আপন কে পর’ সিনেমার জন্য একই সম্মাননায় ভূষিত হন তিনি। ২০১৬ সালে চলচ্চিত্রে অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হন।
ববিতা অস্কারজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাতে অভিনয় করে দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে এক অনন্য উচ্চতায় চলে গিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ডালাসে ২০২৩ সাল থেকে ৫ আগস্ট ববিতা ডে হিসেবে উদযাপিত হয়ে আসছে। ববিতা সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।
এরপর আর তাকে নতুন কোনো সিনেমাতে দেখা যায়নি। ববিতা জানিয়েছেন, যদি শুধু তাকে কেন্দ্র করেই গল্প আবর্তিত হয় এবং গল্প যদি তার ভালোলাগে তবেই তিনি সিনেমাতে অভিনয় করবেন। গল্প আর চরিত্র যদি ভালো না লাগে তবে অভিনয়ে আর ফিরবেন না।
ববিতা জানান, প্রায় তিনশ সিনেমায় তিনি অভিনয় করেছেন। ববিতার প্রযোজনা সংস্থার নাম ছিলো ‘ববিতা মুভিজ’। ‘ফুলশয্যা, ‘আগমন’, ‘লটারী’, ‘চন্ডিদাস রজকিনী’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’ ও ‘লেডি স্মাগলার’ তার প্রযোজিত সিনেমা।
ববিতার একমাত্র ছেলে অনিক কানাডাতে ডেলয়েড-এ চাকুরি করছেন। অনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
