এবার অভিনয়ে সাদিয়ার পোষা বিড়াল, আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
পরিবার মানেই শুধু মানুষ নয়—অনেক সময় নীরবে পরিবারের সদস্য হয়ে ওঠে প্রিয় পোষা প্রাণীও। এমন আবেগঘন এক গল্প নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘মিউ’।
পারিবারিক সম্পর্কের জটিলতা ও পোষা প্রাণীর প্রতি মানুষের মমতা—এই দুই অনুভূতির মেলবন্ধনে নির্মিত হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন আতিক জামান। নির্মাতার মতে, গল্পটি মূলত একটি পরিবারের হলেও পোষা প্রাণীর উপস্থিতি পুরো কাহিনিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
ফিল্মটির অন্যতম আকর্ষণ অভিনেত্রী সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’, যে ‘মিউ’-তে অভিনয়ও করেছে এবং প্রচারণামূলক ফটোশুটে অংশ নিয়েছে।
সাদিয়া আয়মান জানান, কাজটি তার জন্য বিশেষ অনুভূতির।
তিনি বলেন, মানুষ পোষা প্রাণীকে ভালোবাসলেও তাদের আবেগ ও নির্ভরতার দিকটি অনেক সময় উপেক্ষিত থাকে। নিজের পোষা বিড়ালকে পর্দায় দেখতে পাওয়া তার জন্য আনন্দের পাশাপাশি আবেগঘন অভিজ্ঞতা ছিল। শুটিংয়ে আলু নাকি এক টেকেই সব শট সম্পন্ন করেছে—যেন একজন পেশাদার শিল্পী।
আগামী ৪ মার্চ রাত ১২টা (৫ মার্চ) থেকে চরকিতে স্ট্রিমিং শুরু হবে ‘মিউ’। নির্মাতা ও কলাকুশলীদের আশা, পরিবার, দায়িত্ববোধ এবং পোষা প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটি দর্শকের হৃদয়ে কোমল ছাপ ফেলবে।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, সাদিয়া আয়মান, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন ও আজিজুল হাকিম। গল্পে সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের বাবা–মায়ের চরিত্রে দেখা যাবে আজিজুল হাকিম ও আফসানা মিমিকে।
