বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার
বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা
বলিউডের আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল ১৩ মার্চ এই অভিনেত্রীর মুম্বাইয়ে মৃত্যু হয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ে শুক্রবার (১৩ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে দ্য টাইমস অব ইন্ডিয়া। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।
খবরে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে তিনি গণমাধ্যম ও জনসমক্ষে খুব একটা দেখা দিতেন না। তবে তার মৃত্যুর খবর প্রকাশের পর পুরোনো দিনের বেশ কিছু জনপ্রিয় গান ও চলচ্চিত্রে তার উপস্থিতির স্মৃতি আবারও সামনে চলে এসেছে।
মধু মালহোত্রা ১৯৭৫ সালে র্যামসে ব্রাদার্সের হরর সিনেমা ‘আন্ধেরা’র মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। পরে ১৯৭৯ সালে শক্তি সামন্ত পরিচালিত ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে মূলধারার বলিউডে পরিচিতি পান। সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনের চরিত্র জয়ের বোনের ভূমিকায়।
১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে একাধিক হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হিরো’তে অভিনয় করে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন মধু মালহোত্রা। সিনেমাটি প্রধান চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ।এই সিনেমার বিখ্যাত গান ‘লাম্বি জুদাই’-এ তার উপস্থিতি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। গানটি গেয়েছিলেন পাকিস্তানি শিল্পী রেশমা।
মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তা সত্বেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। পরবর্তীকালে শ্রীদেবী, অনিল কাপুর, আমির খান, রানি মুখার্জীর সঙ্গেও অভিনয় করেছেন তিনি।
মধু মালহোত্রা জনপ্রিয় চলচ্চিত্র ‘সত্তে পে সত্তা-তে’ও অভিনয় করেছিলেন। সিনেমাটি তার অভিনয় প্রশংসা পায়। এই সিনেয়ানায় প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও হেমা মালিনী। দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক সিনেমায় কাজ করেছেন মধু মালহোত্রা। এ ছাড়া তিনি হরর ঘরানার চলচ্চিত্রেও কাজ করেছেন।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’–তে অভিনয়ের পর ধীরে ধীরে তিনি চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে যান। তাঁর মৃত্যুতে বলিউডে তৈরি হয়েছে শোকের ছায়া।
