দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
দিলরুবা খানম
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৪ এএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
দিলরুবা খানম এসময়ের একজন কবি। তার কবিতায় প্রেম-প্রকৃতি-দর্শন নানাভাবে ফুটে উঠেছে। পাঠকদের জন্য তার একগুচ্ছ কবিতা উপস্থাপন করা হলো।
কেউ একজন
কেউ একজন আছে, সে হোক মানুষ
অথবা জানালার কার্নিশে বাসা বাঁধা চড়ুইটা।
তবু থাকুক এমন একটা হিজলের পাতা বিস্তৃত করা
গাছ কিংবা প্রমত্তা নদীর উথাল-পাতাল ঢেউ,
শুনুক আমাকে, বলুক আমাকে হাজার বছর কারও
অপেক্ষায় দাঁড়িয়ে থাকা পাহাড়টা
আমি পথের বাঁকে হারিয়ে যেতে চাইনি বলে পথের
রেখায় পথ চিনেছি। গায়ে মেখেছি সাদা জোৎস্না,
আকুল হয়ে বৃষ্টিতে ভিজেছি, শাসন করেছি চোখের
আবেগী রুষ্ঠ নোনা জল।
আমি সবশেষে আমাকেই শুনেছি,
আজ আমি কঠিন অতল ।
সম্পর্কের টানা পোড়ন
যেখানে মানুষটাকে হারাবার ভয়ে
মন অসস্থির হয় না
সম্পর্কটা অযত্নে ফেলে রাখলে শঙ্কাই হয় না
এই বুঝি চুকে গেলো দু'জনার পথ চলা।
যেখানে ভালোবাসাগুলো অবহেলায় অভিমানের
আস্তরণ পরে প্রেমিক মনটার আসল রূপ হারায়,
সে ভালোবাসা আমার কাছে কয়েকটি শব্দ কেবল।
যার অস্তিত্ব বাতাসের শূন্য থেকে আরও শূন্যে
নিছক নাম মাত্র।
দুটো মানুষের সম্পর্কের টানা-পোড়নে
দুটো মানুষের একসাথে পথ চলায়
দুটো মানুষের ভালোবাসার বন্ধনে
যদি এমনটা মন না বলে
‘তোমাকে আমার বড্ড প্রয়োজন’।
তাহলে সে সম্পর্কে থাকা না থাকার
কোনও মানেই থাকে না।
তোর না থাকা আমিটা
তুই নেই,
পরে আছে আমাদের হলদে রঙা সর্ষের ক্ষেত।
আছে সবুজ তিড়িং বিড়িং লাফিয়ে বেড়ানো
নাম না জানা পাখিগুলো।
জানিস মৌমাছিরা উড়ে উড়ে মধু তুলে আজও
আমার চারপাশ ঘুরে বেড়ায়।
সেদিনের সেই সর্ষে ফুলের মৌ মৌ করা মাতাল ঘ্রাণ
রেখে যাওয়া বাতাসে আমি আজও খুঁজি তোকে।
আমার সর্ষে বনের বিষাদ কাটে না কোনও কালেই।
আমার তুইহীনা হলুদে কেবল বৈরী বাতাস কাঁদে।
একবার শুধু ফিরে আয় কোনও এক পৌষে,
আমি তোকে নিয়ে আবার যাবো বিস্তীর্ন সর্ষে ফুলের মাঠে
যেখানে কষ্ট নীলাভ আকাশ হয়ে হেসে
মিতালী করবে হলদে সবুজ মাঠের মেঠো সুরে।
আর আমরা করবো কাব্যপাঠ হলুদে আর নীলে।
আমার তুমি
আমার দু চোখে এই যে আজন্ম তৃষ্ণা
এটি তুমি থাকবে বলে,
আকাশের নীলের মাঝে
পেঁজা তুলোর মতো মেঘে ভাসবে
আমার ভালোবাসারা,
আর এক বিস্তীর্ণ সবুজের মাঝে
তোমার প্রেম রবে অষ্টাদশীর আবেগে,
তুমি রয়ে যাও, থেকে যাও
হাজার বছর শুধু আমার প্রেমিক হয়ে,
এপাশ ওপাশ আকাশ-মর্ত্য সব ছাপিয়ে
আমি শুধুই তোমার প্রেমিকা হতে চাই
আমৃত্যু অথবা মৃত্যুকে পার হয়েও
সেই অনন্তকালের দেশে
তুমি কি আমার হয়ে রবে?
