ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:১৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টেলিভিশন পর্দা ও সাংস্কৃতিক অঙ্গনে সাজানো হয়েছে নানা আয়োজন। বিশেষ নাটক, টেলিফিল্ম, প্রামাণ্যচিত্র, দেশাত্মবোধক গান ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনা। একই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দিনব্যাপী থাকছে সংগীত, নৃত্য ও আবৃত্তির বিশেষ অনুষ্ঠান।

বিটিভির বিশেষ আয়োজন:
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিবসটি ঘিরে রেখেছে সমৃদ্ধ অনুষ্ঠানমালা। সকাল ১০টা ৩৫ মিনিটে সংগীতানুষ্ঠান দিয়ে শুরু হয়ে দুপুরে দেশাত্মবোধক কবিতা আবৃত্তি ও ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’ শীর্ষক সংগীতানুষ্ঠান প্রচার হবে। এছাড়া ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণভিত্তিক অনুষ্ঠানও রয়েছে। বিকেলে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের পর সন্ধ্যায় থাকবে বিশেষ আলোচনা। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘ওঁরা ছিলেন বলেই’ এবং রাত ১০টায় আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা’।

দুরন্ত টিভিতে দেশাত্মবোধক পরিবেশনা:
দুরন্ত টিভিও দিবসটি উদযাপনে রেখেছে ভিন্নধর্মী আয়োজন। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারিত হবে ‘প্রিয় বাংলাদেশ’, ‘আমাদের মুক্তির গান’ ও ‘লাল সবুজের পতাকা’সহ বিভিন্ন অনুষ্ঠান। গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে সাজানো এসব পরিবেশনায় ফুটে উঠবে স্বাধীনতার চেতনা। অনুষ্ঠানগুলো পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন, নৃত্য পরিচালনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়মপ্রভা।

শিল্পকলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’। এরপর সমবেত সংগীত, একক সংগীত, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে এগিয়ে যাবে আয়োজন। দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি হয়ে উঠবে স্বাধীনতা দিবসের বিশেষ আকর্ষণ।

স্বাধীনতার মাহাত্ম্য তুলে ধরতে দিনজুড়ে এসব আয়োজন দর্শকদের মনে দেশপ্রেমের নতুন অনুরণন সৃষ্টি করবে।