শ্রবণশক্তি হারিয়েছেন কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার
কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক
বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন। তার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন বলিউডের বহু জনপ্রিয় নায়িকা, আর তার সুরেই সাফল্যের মুখ দেখেছে অনেক সিনেমা। তবে সেই প্রখ্যাত গায়িকাই এখন সংগীত থেকে দূরে, কাটাচ্ছেন আড়ালবাস।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ২০২৪ সালেই থেমে যায় অলকার গান।বিষয়টি তিনি গোপন করেননি; বরং নিজেই জানান, শ্রবণশক্তি হারানোর কারণেই তিনি গান থেকে সরে দাঁড়িয়েছেন।
জানা যায়, একটি ভাইরাস সংক্রমণের পর বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন অলকা ইয়াগনিক, যার ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণক্ষমতা।
সে সময় সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, হঠাৎ করেই একদিন বিমান থেকে নামার পর বুঝতে পারেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না।
পরে চিকিৎসকদের মাধ্যমে রোগের বিষয়টি নিশ্চিত হন এবং এটিকে জীবনের বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেন।
ঘটনার পর দুই বছর পেরিয়ে গেলেও আশাব্যঞ্জক কোনো খবর দেননি এই গায়িকা। তার ভাষ্য অনুযায়ী, অবস্থার খুব একটা উন্নতি হয়নি, যার কারণে এখনো তিনি মাইক্রোফোনে ফিরতে পারছেন না।
তবে সংগীতজগত এখনো তাকে ভোলেনি।বিভিন্ন গীতিকার ও সুরকাররা নিয়মিতই তাকে গানের প্রস্তাব দিয়ে থাকেন। কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে সেসব প্রস্তাবে সাড়া দিতে পারছেন না অলকা।
তার এই পরিস্থিতি ভক্তদের কষ্ট দিলেও, নতুন প্রজন্মের জন্য সতর্কবার্তা দিয়েছেন তিনি। বিশেষ করে উচ্চ শব্দ এড়িয়ে চলা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
