বিচ্ছেদে বড় প্রাপ্তি: ৬০ মিলিয়ন ডলারের বাড়ি লোপেজের
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
জেনিফার লোপেজ
হলিউডের আলোচিত জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের সম্পর্ক ভাঙনের গল্পে যুক্ত হলো নতুন অধ্যায়। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলমান থাকতেই বেভারলি হিলসের তাদের বিলাসবহুল বাড়ি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অ্যাফ্লেক।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬০ মিলিয়ন ডলার মূল্যের সেই বাড়িতে নিজের অংশের মালিকানা পুরোপুরি ছেড়ে দিয়েছেন তিনি। ফলে এখন সম্পত্তিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ জেনিফার লোপেজের হাতে। ২০২৩ সালের মে মাসে যৌথভাবে কেনা এই বাড়িটি প্রথমে ৬৮ মিলিয়ন ডলারে বিক্রির জন্য তোলা হলেও পরে দাম কমিয়ে ৫৮ মিলিয়ন করা হয়।
তবে শেষ পর্যন্ত বিক্রি না করে অ্যাফ্লেক বিনা মূল্যে নিজের অংশ লোপেজকে দিয়ে দেন—যা তাদের সম্পত্তি সমঝোতায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
এ সিদ্ধান্তের পেছনে আর্থিক স্বাচ্ছন্দ্যও ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি অ্যাফ্লেক তার একটি এআই কোম্পানি প্রায় ৬০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন। অন্যদিকে, লোপেজ বর্তমানে ওই বাড়িতেই বসবাস করছেন এবং পাশাপাশি আরেকটি সম্পত্তির সংস্কারকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বিচ্ছেদের পর দুজনের জীবনও আলাদা পথে এগিয়েছে। অ্যাফ্লেক ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০ মিলিয়ন ডলারের নতুন বাড়িতে উঠেছেন। আর লোপেজ মনোযোগ দিচ্ছেন পরিবারে, বিশেষ করে গায়ক মার্ক অ্যান্টনির সঙ্গে তার যমজ সন্তানদের সময় দিচ্ছেন।
তবে এই বিচ্ছেদ কেবল আইনি বা আর্থিক বিষয়েই সীমাবদ্ধ নয়—এর গভীর মানসিক প্রভাবও রয়েছে। ২০২৫ সালের মার্চে ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে লোপেজ জানান, এই বিচ্ছেদ তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল।
তিনি বলেন, এক বছর কাজ থেকে দূরে থেকে নিজের সঙ্গে সময় কাটিয়েছেন, নতুন কোনো সম্পর্কেও জড়াননি। নিজের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সেই সময়টা ব্যয় করেছেন।
আত্মসমালোচনার সুরে লোপেজ আরও বলেন, একপর্যায়ে তিনি নিজেকেই প্রশ্ন করতেন—আসলে কোথায় সমস্যা ছিল, কারণ তিনি আর কাউকে দায়ী করতে পারছিলেন না।
২০০২ সালে পরিচয়ের পর প্রেম, ২০০৪ সালে বিচ্ছেদ, তারপর দীর্ঘ বিরতি পেরিয়ে ২০২১ সালে আবার এক হন এই জুটি এবং বিয়েও করেন। তবে সেই দ্বিতীয় অধ্যায়ও স্থায়ী হয়নি। ২০২৫ সালের শুরুতে তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন লোপেজ, যা এই সম্পর্কের ইতি টানে।
