ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:২১:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে যাচ্ছে। শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটির সমাপ্তির ঘোষণা দেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। তবে ঠিক কততম পর্বে গিয়ে নাটকটির পর্দা নামবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পারিবারিক গল্পনির্ভর এই ধারাবাহিক অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

জানা গেছে, পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নাটকটি। গল্পে উঠে এসেছে পরিবার, ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন এবং মমত্ববোধের নানা দিক।

নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে খায়রুল বাসার। মেহরীন চরিত্রে দেখা গেছে কেয়া পায়েলকে, আর সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। 

এটা আমাদেরই গল্প' নতুন পারিবারিক ধারাবাহিক নাটক, পরিচালনা ও চিত্রনাট্য  মোস্তফা কামাল রাজ।

নির্মাতা বলেন, “আমাদের সমাজের মূল শক্তি হলো পরিবার। আমি বিশ্বাস করি, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই এই সিরিজের ট্যাগলাইন রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।

‘গল্পে আমরা দেখানোর চেষ্টা করেছি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধ। দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই আমাদের মূল চেষ্টা। মোদ্দা কথা, পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরার প্রয়াসে সিরিজটি তৈরি করেছি।’

নাটকটির সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুতেই ধারণা করেছিলাম, এটি মানুষের কাছে পোঁছাবে। সেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।’

এর আগেও ‘গ্রাজুয়েট’, ‘মাইক’, ‘চাঁদের নিজের কোনো আলো নেই’সহ বেশ কয়েকটি ধারাবাহিক প্রচারের সময় অনেক সাড়া পেয়েছি। তবে এই নাটকটি সবকিছু ছাপিয়ে গেছে।”

শুধু গল্প নয়, নাটকটিতে ব্যবহৃত গানগুলোও দর্শক-শ্রোতাদের মন কাড়ে। এর মধ্যে টাইটেল গানটি সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন গায়িকা দোলা রহমান। গানটির কথা লিখেছেন মাহমুদ মানজুর।

এদিকে গতকাল ছিল নাটকটির শেষ শুটিং দিন। আবেগঘন পরিবেশে সব শিল্পী ও কলাকুশলীরা একসঙ্গে নাটকের সমাপ্তি ঘোষণা করেন।

চ্যানেল আইয়ের পর্দায় প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচারিত হওয়ার পর নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও। এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচার হয়েছে।