‘রূপার সংসার’ নাটকে তিন বয়সের চরিত্রে হিমি
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৫ মে ২০২৬ সোমবার
জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার অভিনয় করেছেন ব্যতিক্রমধর্মী এক চরিত্রে। আসন্ন ঈদে প্রচারের অপেক্ষায় থাকা ‘রূপার সংসার’ নাটকে তাকে দেখা যাবে জীবনের তিন ভিন্ন বয়সে—২৫, ৪৫ ও ৬৫ বছরের রূপা হিসেবে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তন্ময়। নির্মাতার ভাষ্য, একটি নারীর দীর্ঘ জীবনের আবেগ, সংগ্রাম ও পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের গল্প।
চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হিমি। তিনি জানান, রূপা এমন একজন নারী, যিনি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে নিজের কষ্ট আড়াল করে রাখেন। চরিত্রটিকে নিজের অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং কাজ বলেও উল্লেখ করেন তিনি।
হিমি বলেন, “রূপা চরিত্রটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। তিনটি ভিন্ন বয়সের মানসিকতা, শরীরী ভাষা ও আবেগ ফুটিয়ে তোলা সহজ ছিল না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, একজন অভিনয়শিল্পী হিসেবে এখনও প্রতিনিয়ত শিখছেন এবং নতুন ধরনের চরিত্রে কাজ করার আগ্রহ থেকেই ‘রূপার সংসার’-এ যুক্ত হয়েছেন।
নির্মাতা তানভীর তন্ময় জানিয়েছেন, আগামী ঈদুল আজহায় নাটকটি প্রচার করা হবে। এদিকে ঈদ উপলক্ষে আরও কয়েকটি নাটকে দেখা যাবে হিমিকে। নির্মাতা মুহিন খান, হামিদ হোসেন নোমান ও জুলফিকার শিশির-এর নাটকেও অভিনয় করেছেন তিনি।
