মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১০ জুলাই ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা বরাবরই তার ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারাস লুকের জন্য আলোচনায় থাকেন। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে তোলা কিছু পুরোনো ছবি শেয়ার করে, পরবর্তীতে তা আবার মুছে (ডিলিট) ফেলেছেন এই অভিনেত্রী। আর তা নিয়েই এখন বলিপাড়ায় চলছে তুমুল গুঞ্জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) উর্বশী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০১৯ সালের আবুধাবি সফরের কিছু থ্রোব্যাক ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাকে সেখানকার ঐতিহ্যবাহী শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের সাদা মার্বেল পাথরের স্থাপত্যের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সম্পূর্ণ মার্জিত কালো আবায়া (বোরকা) পরিহিত এবং মাথা স্কার্ফে ঢাকা অবস্থায় বেশ নজরকাড়া দেখাচ্ছিল তাকে। ছবির ক্যাপশনে উর্বশী লিখেছিলেন, "আরব ভক্তদের জন্য"।
ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা উর্বশীর প্রোফাইল থেকে গায়েব হয়ে যায়। কেন বা কী কারণে অভিনেত্রী এই আকর্ষণীয় ছবিগুলো ডিলিট করলেন, তার কোনো স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে! নেটিজেনরা ইতিমধ্যেই ছবিগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এবং তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
উল্লেখ্য, এর আগেও বহু তারকা দুবাই বা আবুধাবি সফরে গিয়ে সেখানকার সংস্কৃতিকে সম্মান জানিয়ে আবায়া বা হিজাব পরে ছবি পোস্ট করেছেন। সম্প্রতি সোনাক্ষী সিনহা ও তার স্বামী জহির ইকবাল এবং গত বছর একটি ট্যুরিজম ক্যাম্পেইনের শুটিংয়ে দীপিকা পাড়ুকোনকেও এমন পোশাকে দেখা গিয়েছিল।
পেশাদার ফ্রন্টে উর্বশীকে সম্প্রতি বড় পর্দার ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ দেখা গেছে। আগামীতে তার ঝুলিতে রয়েছে 'ইন্সপেক্টর অবিনাশ ২', 'এনবিকে১০৯' এবং অ্যাকশন ফিল্ম 'বাপ'-এর মতো বেশ কিছু বড় প্রজেক্ট।
পোস্ট ডিলিটের এই রহস্য নিয়ে উর্বশী নিজে মুখ খোলেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় তার ভক্তরা।
