সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৩ এএম, ২২ জুলাই ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
লাইট-ক্যামেরা-অ্যাকশন নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তবে এত ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করতে ভুল করেন না এই অভিনেত্রী। সুযোগ পেলেই পাড়ি জমান দেশের বাইরে। সম্প্রতি ছুটি কাটাতে গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। সেই ভ্রমণের রঙিন স্মৃতি এবার ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
সোমবার (২১ জুলাই) ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন কেয়া পায়েল। সেখানে ধরা পড়ে মালদ্বীপের নীলাভ সমুদ্র, সাদা বালুর সৈকত আর প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্যের মাঝে এক উচ্ছ্বসিত কেয়া পায়েল। কখনো খোলা আকাশের নিচে সমুদ্রের বাতাসে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন, কখনো বালুকাবেলায় ছুটে বেড়াচ্ছেন। আবার কখনো প্যারাসেইলিংয়ের রোমাঞ্চ কিংবা স্কুবা ডাইভিংয়ে সাগরের গভীরে হারিয়ে যাওয়ার মুহূর্তও উঠে এসেছে ভিডিওতে।
ভিডিওর প্রতিটি ফ্রেমে যেন ছুটির আমেজ আর জীবনের প্রতি ভালোবাসার গল্প। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কাটানো সেই মুহূর্তগুলোই যেন অভিনেত্রীর মুখের হাসিতে নতুন ভাষা পেয়েছে।
ভিডিওটির ক্যাপশনে কেয়া লিখেছেন, “মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।” তার এই বার্তা অনেক অনুসারীর হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে কেউ তার জীবনবোধের প্রশংসা করেছেন, আবার কেউ লিখেছেন—এমন স্বপ্নপূরণে আর্থিক সামর্থ্যও গুরুত্বপূর্ণ।
এর আগে মালদ্বীপ সফরের একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কেয়া পায়েল। তবে সেই সফর ঘিরে আরেকটি ভিডিও বেশ আলোচনায় আসে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় এক যুবকের পাশে বসে তাকে খাবার খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। এরপরই সামাজিক মাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কেয়া পায়েল।
সৈকতের রোদ, নীল সমুদ্র আর রোমাঞ্চে ভরা ভ্রমণের এই ভিডিও নতুন করে ভক্তদের নজর কেড়েছে। ছবির মতো সুন্দর সেই মুহূর্তগুলোয় কেয়া পায়েল যেন আরো একবার প্রমাণ করলেন—ব্যস্ত জীবনের ফাঁকেও নিজের জন্য কিছু সময় রেখে দিতে হয়!
