৫২-তেও ম্লান হয়নি কাজলের সৌন্দর্য
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার
কাজল
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কাভি খুশি কাভি গম’-এর মতো একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। দীর্ঘ অভিনয়জীবনে এখন আগের মতো নিয়মিত পর্দায় দেখা না গেলেও বাছাই করা সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে এখনও সমানভাবে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
দুই সন্তানের মা, ব্যস্ত পারিবারিক জীবন আর অভিনয়—সবকিছু সামলেও ৫২ বছর বয়সেও কাজলকে দেখা যায় প্রাণবন্ত, আত্মবিশ্বাসী ও উজ্জ্বল উপস্থিতিতে। অনেকের মতে, সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্ব ও সৌন্দর্য যেন আরও পরিণত ও আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিভিন্ন সাক্ষাৎকারে নিজের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও রূপচর্চা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখান থেকেই জানা যায়, নিজেকে সুস্থ ও সতেজ রাখার ক্ষেত্রে তিনি বিলাসী প্রসাধনীর চেয়ে বেশি গুরুত্ব দেন নিয়মিত যত্ন আর স্বাস্থ্যকর অভ্যাসকে। খাবারের বিষয়ে তিনি বেশ কড়া।
কাজলের বিশ্বাস, ত্বকের যত্নে অতিরিক্ত প্রসাধনীর প্রয়োজন নেই। বরং দু’টি বিষয়ে তিনি বিশ্বাসী—ত্বক পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দিনে অন্তত দুইবার মুখ পরিষ্কার করেন তিনি। শুটিংয়ের কারণে ভারী মেকআপ করতে হলেও দিনের শেষে তা সম্পূর্ণ তুলে ফেলতে কখনোই ভুল করেন না তিনি।
ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা তার প্রতিদিনের অভ্যাস। এমন প্রসাধনীই বেছে নেন, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি পর্যাপ্ত পানি পানকেও তিনি ত্বকের সুস্থতার অন্যতম শর্ত বলে মনে করেন।
রূপচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাসেও যথেষ্ট সচেতন কাজল। তিনি পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার চেষ্টা করেন। নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী খাদ্যতালিকা মেনে চলাই তার ফিটনেসের অন্যতম ভিত্তি।
কাজলের এই জীবনযাপন সত্যি কি ফিটনেস ধরে রাখতে পারে? পুষ্টিবিদদের মতে, সুস্থ ও উজ্জ্বল থাকতে হলে শরীরের চাহিদা অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ জরুরি। আর তা খেতে হবে পরিমিত পরিমাণে।
