ঢাকা, সোমবার ১০, আগস্ট ২০২৬ ১৫:১৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১০ আগস্ট ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ স্লোগানে শিল্পকলা একাডেমির  আয়োজনে শুরু হলো ‘চলচ্চিত্র উৎসব একাল সেকাল’ শীর্ষক তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসব। প্রতিদিন দুটি করে তিনদিনের এই উৎসবে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রবিবার বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয় এই উৎসব। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধনকালে নিতাই রায় চৌধুরী বলেন,‘আসছে শরৎকালে যাত্রা উৎসব আয়োজন করা হবে। যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাবো। এর উদ্দেশ্য হলো বর্তমান সরকার মনে করে আমাদের যে যুব সমাজ আছে দেশটা তাদেরই। যুব সমাজ হলো সূর্যের মতো। কিন্তু এই যুবসমাজের একটা অংশ নানানভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় লেখাপড়া করে চাকরি হয় না, লেখাপড়া করে বিনোদনেরও তেমন কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে আমাদের সিনেমা হলগুলো বন্ধ ছিল, বন্ধ আছে। সংস্কৃতি চর্চারও ভালো কোনো পরিবেশ নেই। এই কারণে যুবসমাজের বিভিন্নভাবে হতাশায় দিন কাটে। অনেক সময় দেখা যায় যে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর থেকে আমাদের প্রজন্মকে, জাতিকে এবং যুবসমাজকে রক্ষা করার জন্য বর্তমান সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।’

তিনি আরও বলেন,‘স্কুল পর্যায় থেকে খেলাধুলা, গানবাজনা, নৃত্য, চলচ্চিত্র, সংগীতের বিভিন্ন ধারার পাশাপাশি আমাদের প্রাচীন বাংলার যে ঐতিহ্যগুলো আছে- ভাটিয়ালি গান, মুর্শিদি গান, কবিগান, বাউলগান এগুলোর চর্চাও চলবে।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সব সময়ই সহযোগিতা করবে এবং প্রণোদনা দেবে। যারা সিনেমা বানাতে আগ্রহী তাদের জন্য শিল্পকলা একাডেমির দরজা সব সময় খোলা। চলচ্চিত্রের সোনালি অতীত আমরা ফিরে পাবো যদি তরুণ নির্মাতারা এগিয়ে আসে। জীবন ঘনিষ্ঠ সিনেমা, শিল্পনির্ভর সিনেমা আমরা বানাতে চাই।’

উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’ ও জহির রায়হান নির্মিত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। 

উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ ও মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তল’। 

মঙ্গলবার সমাপনী দিনে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের চলচ্চিত্র ‘দুই পয়সার আলতা’ ও আকাশ হক নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।