ঢাকা, বুধবার ১৯, আগস্ট ২০২৬ ১৮:২২:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ের গুঞ্জন!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শুধু বিয়ের পরিকল্পনা নয়, ঘনিষ্ঠজনদের কেউ কেউ দাবি করছেন—ইতিমধ্যে নাকি বিয়ের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তবে এ খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিনোদন অঙ্গনে পূজা চেরীর প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। বিভিন্ন সময় প্রযোজক, পরিচালক ও একাধিক নায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে এবার সরাসরি তার বিয়ের খবর সামনে এসেছে।

বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পূজা চেরী। তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এর আগে চলতি বছরের শুরুর দিকেও পূজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, প্রায় দুই বছর আগেই নাকি গোপনে বাগ্‌দান সেরে ফেলেছেন তিনি। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে তার বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি। ফলে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তার নীরবতা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এতে তার বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরীর বিয়ের খবর সত্য কি না, সে বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে আপাতত এটি গুঞ্জন হিসেবেই থাকছে।