ঢাকা, রবিবার ২৩, আগস্ট ২০২৬ ৫:২২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাহরুখের এক সিদ্ধান্তেই ঐশ্বরিয়া-রানীর বন্ধুত্বে ফাটল

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের দুই শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও রানী মুখার্জির গভীর বন্ধুত্ব ছিল। সিনেপাড়ায় তাদের সেই ঘনিষ্ঠ বন্ধুত্ব বেশ প্রশংসিত হতো, তবে কিছু ঘটনার জের ধরে সেই সম্পর্কে চির ধরে। বলিউডের এই দুই হাইপ্রোফাইল তারকার সম্পর্কের ইতি টানার গল্প আজও বলিপাড়ার এক রসালো বিনোদন।

নব্বইয়ের দশকের শেষ দিকে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও তাদের রসায়ন ছিল চমৎকার। তারা একে অন্যকে প্রকাশ্যে 'বেস্ট ফ্রেন্ড' হিসেবে পরিচয় দিতেন। তবে সে সময়ের দুই শীর্ষ নায়িকার অম্ল-মধুর সম্পর্কের ফাটল ধরার নেপথ্যে শাহরুখ খানের হিট সিনেমা ‘চলতে চলতে’।

রোমান্টিক ঘরানার সেই সিনেমায় প্রথমে ঐশ্বরিয়া প্রধান নারী চরিত্রের জন্য শুটিং শুরু করেন। তবে শুটিং চত্বরে তার প্রাক্তন প্রেমিক সালমান খানের ক্রমাগত ঝামেলা তৈরি করার ঘটনা পরিস্থিতি জটিল করে তোলে। বাধ্য হয়ে ছবির প্রযোজক ও শাহরুখ খান সাবেক বিশ্বসুন্দরীকে বাদ দিয়ে রানী মুখার্জিকে চুক্তিবদ্ধ করেন। এতেই শুরু হয় সমস্যা। বলিউড বাদশা শাহরুখের সে সিদ্ধান্তই এ দুই সুন্দরীর বন্ধুত্ব ভাঙার নেপথ্য কারণ বলেই অনেকে ধারণা করেন।

ভারতীয় গণমাধ্যম আজকালের বরাতে জানা যায়, বিষয়টি আগে থেকে না জানানোয় ঐশ্বরিয়া রানীর ওপর চরম ক্ষুব্ধ হন। রানীর এ বিষয়ে নীরব থাকা এবং চরিত্রটি গ্রহণ করাকে ‘পার্বতী’ খ্যাত অভিনেত্রী বিশ্বাসভঙ্গ হিসেবে দেখেন। এখান থেকেই তাদের গভীর বন্ধুত্বে হঠাৎ চির ধরে।

পরবর্তী সময় এই দূরত্ব আরও বাড়ে অভিষেক বচ্চনকে ঘিরে। গুঞ্জন ছিল, জয়া বচ্চন রানীকে বেশ পছন্দ করতেন। কিন্তু পরে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। সেই জমকালো বিয়েতে অনেক তারকা উপস্থিত থাকলেও রানী মুখার্জিকে আমন্ত্রণ জানানো হয়নি।

অতীত পেছনে ফেলে দুজনই এখন নিজ নিজ জগতে সুখী হলেও বলিউডের ইতিহাস থেকে এই দুই সুন্দরীর বিবাদের গল্প মুছে যায়নি, বরং তা রয়ে গেছে এক রঙিন ইতিহাস হয়ে।