সাইফকন্যার গান ভাইরাল, দ্রুত বাড়ছে ফ্যান-ফলোয়ার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ এএম, ২৫ নভেম্বর ২০১৮ রবিবার
আগামী ৭ ডিসেম্বর ‘কেদারনাথ’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। এতে তার বিপরীতে থাকছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান ‘কাফিরানা’৷ মুক্তি পাওয়া নতুন এ গান ভাইরাল হয়ে সারার ফ্যান-ফলোয়ার দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে৷
অভিনয় ক্ষমতার দৃঢ়তা ফুটে উঠছে তার চেহারায়৷ নিজের আলাদা জায়গা তৈরি করতে প্রস্তুত এ নায়িকা৷ পাশাপাশি তিন মিনিটের ট্রেলারে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন বলেই দাবি করেছেন তার ফ্যানরা৷ সাইফকন্যার কথা বলা, চোখের চাহনি, সব কিছুতেই রয়েছে সাবলীল একটি ভাব৷
এর আগে গত ৩০ অক্টোবর সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। আর তাতেই মুক্তির তারিখ জানানো হয়।পোস্টারের মাধ্যমে সিনেমাটির চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সুশান্ত এতে পিথু চরিত্রে অভিনয় করেছেন। যার কাজ হচ্ছে মালামাল ও তীর্থযাত্রীদের বহন করা। আর সারা আলি খানকে দেখা যাবে একজন পর্যটকের চরিত্রে। পোস্টারে দেখা যাচ্ছে সুশান্ত সারাকে পিঠে বহন করেছেন।
এর আগে সিনেমাটি ২০১৯ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল। আর রোহিত শেঠির ‘সিম্বা’ সিনেমার মধ্য দিয়ে সারার বলিউডে পা রাখার কথা ছিল। কিন্তু সবকিছু ঠিক থাকলে এখন ‘কেদারনাথ’ হতে যাচ্ছে নবাগত এই অভিনেত্রীর প্রথম সিনেমা।
শুরু থেকেই ‘কেদারনাথ’ সিনেমার প্রতি সবার আগ্রহ লক্ষ্য করা গেছে। ২০১৩ সালের ভারতের উত্তরাখণ্ডের বন্যার সময়ের একটি একটি প্রেম কাহিনীর প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এর ট্যাগ লাইন ‘ভালোবাসা একটি তীর্থযাত্রা’।
ছবিতে সারাহ এক হিন্দু পরিবারের মেয়ে লতার ভূমিকায় অভিনয় করেছেন৷ মা-বাবার সামনে শান্তশিষ্ট থাকলেও দুই চোখে দুষ্টু-মিষ্টি ভাবও রয়েছে৷
অন্যদিকে সুশান্ত অভিনয় করেছেন মুসলিম ছেলে মাসুরের চরিত্র৷ হিন্দু-মুসলিম দুজনের সম্পর্ক এবং কেদারনাথের প্রাকৃতিক দুর্যোগ এ তিনটিকে নিয়েই এগিয়ে যাবে ছবির চিত্রনাট্য৷
অভিষেক কাপুর পরিচালিত এ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৭ ডিসেম্বর৷ ছবির প্রযোজনায় রয়েছেন- রনি স্ক্রিউওয়ালা, প্রজ্ঞা কাপুর, অভিষেক কাপুর ও অভিষেক নায়ার৷
সারা বর্তমানে ‘সিম্বা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং। খুব শিগগিরই তার দ্বিতীয় এই সিনেমাটিও মুক্তি পাবে বলে জানা যায়।
