ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
অভিনয় থেকে আপাতত দূরে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। জীবনের কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করে জানালেন নিজের বিশ্বাস ও ধৈর্যের কথা।
দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনুপস্থিত তানিয়া বৃষ্টি। নাটক, ওটিটি ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয় অভিনেত্রীর। অস্ত্রোপচার সফল হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন তানিয়া।
তখন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ২য় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩য় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়—নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।’
চিকিৎসার এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যেও নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন অভিনেত্রী। গত ১ এপ্রিল নিজের হাতে হাসপাতালের ট্যাগ লাগানো একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আবার শুরু করি তানিয়া।’ এর দুই দিন পর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’
এরপর কয়েক মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেই আবারও নিজের অনুভূতির কথা জানালেন তানিয়া। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন তিনি।
আয়াতটিতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’—সূরা আল-বাকারাহ, আয়াত ১৫৩।
ছোট্ট এই পোস্টের মধ্য দিয়ে যেন নিজের কঠিন সময়েও বিশ্বাস ও ধৈর্য ধরে থাকার বার্তাই দিয়েছেন তানিয়া। তার পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রীর পাশে থাকার কথা জানাচ্ছেন। অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন। প্রিয় অভিনেত্রীকে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে দেখতে চান তারা।
এদিকে চিকিৎসার কারণে অভিনয় থেকে বিরত থাকলেও তানিয়ার হাতে রয়েছে সিনেমার কাজ। ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তার। রায়হান খান নির্মিত সিনেমাটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।
চিকিৎসার কঠিন অধ্যায় পেরিয়ে তানিয়া বৃষ্টি কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন, এখন সেটিই অপেক্ষার বিষয়। তবে তার সাম্প্রতিক বার্তায় স্পষ্ট—কঠিন সময়েও আশা ও বিশ্বাস হারাতে চান না এই অভিনেত্রী।
