ঢাকা, সোমবার ০৭, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হতে পারে এটি চিত্রনায়িকা পরীমণির আরও একটি ‘মহৎ কাজ’। যদিও এ প্রসঙ্গে কথা বলতে নারাজ। খোলাসা করলে কৌতূহল কাটতো বটে, তবে তার নীরবতা যে জল্পনা আরও বাড়িয়ে দিল! 

সোমবার সকালে, সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পরীমণির। তা দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কারণ, নায়িকার কোলে দেখা গেছে এক ফুটফুটে সদ্যোজাতকে।

সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” ব্যস! এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী?

নিজের সন্তানদের তো বটেই, এমনিতেও শিশুপ্রেমী এই চিত্রনায়িকা। এর আগে বহুবার বলেছেন, একাধিক সন্তানের মা হতে চান; কখনো বলেছেন- ১০০ সন্তানের মা হতে চান। হয়তো এমন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নায়িকা। ভক্তদের মনেও প্রশ্ন তবে কি ফের দত্তক নিলেন পরীমণি?

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ হলে ছেলেকে একাই সামলাতে থাকে 'মা' পরীমণি। তার বছর কয়েক পর নেন কন্যা সন্তানের দত্তক। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একা হাতেই বড় করছেন এই অভিনেত্রী। কাজের পাশাপাশি বাকি সবটুকু সময় সন্তানদের সঙ্গেই কাটান তিনি এবং মাঝেমধ্যেই তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নেন। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে পরিপাটি সাজে আছেন পরীমণি, আর তার কোলে এক শিশু। ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীরা অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশ্ন তুলছেন শিশুটির পরিচয় নিয়ে।

পরে শিশুটির পরিচয় ও ক্যাপশনের সত্যতা জানতে এই অভিনেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রসঙ্গটি না তুলতেই কলটি কেটে দেন তিনি। ফলে রহস্যময় শিশুটিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা আরও ঘনীভূত হতে থাকল। যদিও নেটিজেনদের অনুমান ওখানেই আটকে যে- নতুন কোনো সন্তান দত্তক নিলেন পরীমণি।