ঢাকা, মঙ্গলবার ০৮, সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইতালির মেস্ত্রে শহরে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া লাইভে তিনি এ অভিযোগ করেন।


বাঁধন অভিযোগ করেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীদের সঙ্গে জড়িত কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হয়রানি করেছেন। তার দাবি, তারা তার শরীরে পানি ও কোক ছুড়ে মারে, ফোন ফেলে দেয় এবং কানের পাশে আঘাত করে।


ফেসবুক লাইভে বাঁধন বলেন, আমি এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।


হামলার সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাও ছিল জানিয়ে অভিনেত্রী বলেন, তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।


বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করে এবং নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে। তারা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে লাইভ ও আপলোড করে।


লাইভে তিনি আরও বলেন, আমি বলবো, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল। আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।


জানা গেছে, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ভাই ও ভাইয়ের পরিবারের সঙ্গে ইতালিতে গেছেন বাঁধন।


ইতিহাস গড়ে সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।


সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।