ঢাকা, মঙ্গলবার ১৫, সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। দেশীয় সিনেমার পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। অভিনয়ের বাইরে গায়িকা হিসেবেও রয়েছে তার পরিচিতি। তবে এবার তার অভিনীতব্য একটি সিনেমা থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছে।

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’-এ আর দেখা যাবে না নুসরাত ফারিয়াকে। গত বছর সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন তিনি। গল্পে একজন তরুণ ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের কথা ছিল তার।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমাটি। ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের টানাপোড়েনকে গল্পের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরা হয়েছে।

সিনেমাটি থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফারিয়া জানিয়েছেন, নির্মাতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে তিনি আর এতে থাকতে পারছেন না।

ফারিয়ার ভাষ্য, সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং এরই মধ্যে হয়ে গেছে। তবে তার চরিত্রের অংশগুলো মূলত কোর্টরুমকেন্দ্রিক হওয়ায় সেগুলোর শুটিং এখনো শুরু হয়নি। ফলে বর্তমান পরিস্থিতিতে সিনেমাটির সঙ্গে যুক্ত থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তবে ফারিয়ার সরে দাঁড়ানোর কারণ নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন নির্মাতা রায়হান খান। তার দাবি, সিনেমা ছাড়ার বিষয়ে ফারিয়ার সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। নির্মাতার ধারণা, কোনো অভিমান থেকেই হয়তো ফারিয়া এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

‘ট্রাইব্যুনাল’-এ নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রাসহ আরও কয়েকজন শিল্পী। নির্মাতা এর আগে জানিয়েছিলেন, সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে মুক্তির পরিকল্পনা থাকলেও তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে একপর্যায়ে কাজ থমকে যায়।

এদিকে নতুন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় নির্মিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-র শুটিং প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি সম্প্রতি ‘লজ্জা’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।