ঢাকা, মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ ৫:০১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওজন বাড়ায় কটাক্ষের শিকার ক্যাটরিনা, সালমানের প্রতিবাদ 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্তান জন্মের কয়েক মাস পর সম্প্রতি প্রকাশ্যে আসেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। ক্যাটরিনা ও বয়স্ক তারকাদের নিয়ে কটূক্তি করায় রিয়েলিটি শো বিগ বস ২০-এর ‘উইকেন্ড কা ভ্যার’ পর্বে মেজাজ হারালেন সালমান খান। 

সামাজিক মাধ্যমে তারকাদের আক্রমণ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা। সালমান বলেন, “কোনো নারী মা হওয়ার পর তাঁর শরীরে পরিবর্তন আসাই স্বাভাবিক। কিন্তু সমাজের একাংশ তা মেনে না নিয়ে ‘মোটা হয়ে গেছে’ বলে কটূক্তি করতে শুরু করে। কেন একজন মাকে নিয়ে ট্রোল করবেন?”  তিনি আরও বলেন, ‘অভিনেত্রীরা সন্তান জন্মের পর নিজেদের মতো করে সময় নিয়ে আবার ফিট হয়ে পর্দায় ফিরে আসেন। তাই তাঁদের অযথা চাপ দেওয়া অনুচিত।’ 


শুধু নারীরাই নন, দীর্ঘদিন ধরে চলা নিজের বয়স ও ওজন নিয়ে ট্রোলিংয়েরও জবাব দিয়েছেন ভাইজান। সালমান জানান, তিনি আর আগের মতো ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির বয়সে নেই। বয়স বাড়লে শারীরিক পরিবর্তন হওয়াই স্বাভাবিক। 

সমালোচকদের একহাত নিতে মঞ্চে নিজের কাউবয় টুপি, জ্যাকেট এবং টি-শার্ট খুলে ফেলেন সালমান। ক্রুদ্ধ হয়ে মেকআপ মুছে নিজেকে উন্মুক্ত করে দেন। সমালোচকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘ভাই মোটা হয়ে গেছে! ট্রোল করো ভাইকে নিয়ে।’

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো সিনেমা পছন্দ না হলে বা অভিনয় ভালো না লাগলে সমালোচনা করতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। তবে সমালোচনা যখন ব্যক্তিগত আক্রমণ ও অনলাইনে গালাগালিতে রূপ নেয় তখনই সমস্যা তৈরি হয়। এছাড়া টিকিট কেটে সিনেমা দেখার মানে এই নয় যে দর্শকরা পর্দার পেছনের মানুষকে কিনে নিয়েছেন।’