ঢাকা, শনিবার ১০, অক্টোবর ২০২৬ ৫:২৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুর্গার নানা রূপ নিয়ে বিশ্বরঙের শিল্প প্রদর্শনী উদ্বোধন আজ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

শিল্পীর কল্পনায় দেবী দুর্গা কেমন? কারও কাছে তিনি শক্তির প্রতীক, কারও কাছে মাতৃরূপ, আবার কারও কাছে নারীশক্তি ও অসুরের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ের প্রতিচ্ছবি। দেবী দুর্গাকে ঘিরে এমন নানা ভাবনা ও শিল্পীসত্তার প্রকাশ ঘটবে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘শিল্পীর চোখে দুর্গা’ শীর্ষক শিল্প প্রদর্শনীতে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ধানমন্ডির গ্যালারি চিত্রকে। ‘শক্তি শিল্পযাত্রা’র আয়োজনে, বিশ্বরঙের উদ্যোগে এবং ‘চাষির প্রেজেন্টস’-এর নিবেদনে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন হবে আজ বিকেল ৪টায়। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। এর গণমাধ্যম সহযোগী মাছরাঙা টেলিভিশন।

আয়োজকদের ভাষ্য, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নবীন ও প্রবীণ শিল্পীরা অংশ নিচ্ছেন। একই বিষয়কে কেন্দ্র করে তাঁদের ভিন্ন ভিন্ন কল্পনা, অনুভূতি, রং ও রেখার ব্যবহার প্রদর্শনীকে বৈচিত্র্যময় করে তুলবে।

দুর্গা বাঙালির শারদীয় উৎসবের অন্যতম প্রধান প্রতীক। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি শিল্প, সাহিত্য, সংগীত ও লোকজ সংস্কৃতিতেও দেবী দুর্গার উপস্থিতি গভীর। শিল্পীদের কাছে তাঁর রূপ কখনো পৌরাণিক আখ্যানের অনুষঙ্গ, কখনো সাহস ও শক্তির প্রতীক, আবার কখনো সমকালীন সমাজে নারীর আত্মপ্রতিষ্ঠা ও সংগ্রামের রূপক। প্রদর্শনীতে এই বহুমাত্রিক ভাবনার প্রতিফলন ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

বাংলাদেশের পোশাক ও নকশার জগতে ঐতিহ্য, সংস্কৃতি ও দেশজ উপাদান নিয়ে কাজ করে আসছে বিশ্বরঙ। প্রতিষ্ঠানটির এ উদ্যোগে উৎসবের পরিচিত অনুষঙ্গ দেবী দুর্গাকে গ্যালারির শিল্পভাষায় দেখার সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে শিল্পীদের সৃজনশীল কাজের সঙ্গে সাধারণ দর্শকের পরিচয় ঘটানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের পক্ষ থেকে শিল্পানুরাগী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শনার্থীদের প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে।