ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১:৫১:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

মার্কিন তারকা কাইলি জেনার। ছবি : এক্স থেকে নেওয়া

মার্কিন তারকা কাইলি জেনার। ছবি : এক্স থেকে নেওয়া

ফ্যাশন শোয়ে ৬১০ কোটি টাকার হীরার অন্তর্বাস পরে র‍্যাম্পে হাঁটলেন মার্কিন তারকা কাইলি জেনার। বিশ্বখ্যাত অন্তর্বাসের ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের এবারের আয়োজনে তাঁর পোশাকটি ছিল অন্যতম আকর্ষণ।

রোববার রাতে অনুষ্ঠিত এই ফ্যাশন শোয়ে কাইলির পরনে ছিল গয়নার ব্র্যান্ড জ্যাকব অ্যান্ড কো.-এর তৈরি বিশেষ একটি অন্তর্বাস। এতে বসানো হয়েছে ৯১টি সাদা হীরা। মাঝখানে রয়েছে ৭৫ ক্যারেটের বেশি ওজনের একটি হলুদ হীরা। এর দাম ৫ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকা।

ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোয়ে ‘ফ্যান্টাসি ব্রা’ নামে পরিচিত এ ধরনের বিশেষ অন্তর্বাস ১৯৯৬ সাল থেকে তৈরি হচ্ছে। তবে এবারেরটির দাম আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।

শো দেখতে উপস্থিত ছিলেন টিমোথি শ্যালামে, ক্রিস জেনার ও নিকোল কিডম্যানের মতো তারকারা। র‍্যাম্পে হাঁটেন জোয়ান স্মলস, ক্যান্ডিস সোয়ানেপোল, পালোমা এলসেসার ও অ্যালেক্স কনসানির মতো মডেলরা। বেলা হাদিদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল ক্যাটসি, মেগান থি স্ট্যালিয়ন ও টেট ম্যাকরায়ের সরাসরি সংগীত পরিবেশনাও।

একসময় নানা বিতর্কে চাপে পড়েছিল ভিক্টোরিয়াস সিক্রেট। নির্দিষ্ট ধরনের শরীরের গড়নকে বেশি গুরুত্ব দেওয়া এবং জেফরি এপস্টিনকে ঘিরে বিতর্কের কারণে সমালোচনার মুখে পড়ে ব্র্যান্ডটি। ২০১৯ সালে বন্ধ হয়ে যায় তাদের নিয়মিত ফ্যাশন শো।

২০২৪ সালে আবারও ফ্যাশন শো আয়োজনের মধ্য দিয়ে ফেরার চেষ্টা শুরু করে ব্র্যান্ডটি। নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার অ্যাডাম সেলম্যানের নেতৃত্বে মডেল নির্বাচনে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার প্লাস-সাইজ ও ট্রান্সজেন্ডার মডেলদেরও জায়গা দেওয়া হচ্ছে।

ব্র্যান্ডটির শেয়ারের দামও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবারের আয়োজনে নতুন মডেলদের পাশাপাশি নজর কেড়েছেন পুরোনো পরিচিত মুখ অ্যাড্রিয়ানা লিমা। ভিক্টোরিয়াস সিক্রেটের হয়ে ২১তম বারের মতো র‍্যাম্পে হাঁটেন তিনি।

নতুন আয়োজন, তারকাদের উপস্থিতি আর কোটি কোটি টাকার হীরাখচিত অন্তর্বাসের মধ্য দিয়ে ফ্যাশন দুনিয়ায় আবারও আলোচনায় এসেছে ভিক্টোরিয়াস সিক্রেট।