ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ নভেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
ক্যানসার ধরা পড়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেন অভিনেত্রী হিনা খান। দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকেই হঠাৎ এই সিদ্ধান্ত নেন তিনি, যাতে সম্মতি দেন প্রেমিক রকি জয়সওয়ালও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ে।
ভারতের টেলিভিশন অভিনেত্রী হিনা খান জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত হওয়ার পরই দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। তখন তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর।
সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন হিনা। সেখানে বিয়ের দিনের একটি ছবি দেখানো হলে পুরোনো স্মৃতি মনে করে অভিনেত্রী বলেন, সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না তাদের।
হিনা বলেন, এটি ছিল একেবারেই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। আমরা বিষয়টি পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরেরও বেশি। এখন মনে হয় ১৩-১৪ বছর হয়ে গেছে।
