ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৭:০৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৫ এএম, ৮ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিরিন শিলা, আনিকা আলম ও তানজিয়া জামান মিথিলার পর এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে বিশ্বমঞ্চে লড়াইয়ের টিকিট পেয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে মাহিকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। গত বছরের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজনের আলিঙ্গন ও একসঙ্গে মঞ্চে হাঁটার মুহূর্ত করতালিতে মুখর করে তোলে পুরো মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

বিজয়ী হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা খান মাহি বলেন, বাবা-মা তাকে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চান। তিনি জিতলে বাংলাদেশ জিতবে।

আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এটিই ছিল প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন মিথিলা।

এবার মিথিলার উত্তরসূরি হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন সামিরা খান মাহি।