ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ১২:৩০:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অ্যান কারসন: শোক, বিচ্ছেদ ও নীরবতার রূপকার

উইমেননিউজ২৪ ডেস্কঃ

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যান কারসন বিশ্বসাহিত্যের অন্যতম স্বতন্ত্র ও প্রভাবশালী কবি, প্রাবন্ধিক, ধ্রুপদি সাহিত্যের পণ্ডিত এবং অনুবাদক। তার সাহিত্যকর্মের প্রধান বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক সাহিত্য ও পুরাণের সঙ্গে আধুনিক কবিতা, প্রবন্ধ, নাট্যরীতি, চিত্রশিল্প এবং পরীক্ষামূলক শিল্পভাবনার এক অভিনব সংমিশ্রণ। তিনি প্রচলিত সাহিত্যিক ঘরানার সীমানাকে বারবার অতিক্রম করেছেন এবং ভাষা, আকাঙ্ক্ষা, শোক, প্রেম, স্মৃতি, নীরবতা ও মানুষের অস্তিত্বগত বিচ্ছিন্নতাকে তার সৃষ্টির কেন্দ্রে স্থাপন করেছেন। আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে তিনি দীর্ঘদিন ধরেই একজন গুরুত্বপূর্ণ ও সম্মানিত সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। তার এই গুরুত্ব আরো বৃদ্ধি পেল নোবেল সাহিত্য-২০২৬ পুরস্কার লাভের মধ্য দিয়ে।

নোবেল পুরস্কার পাওয়ার আগেই তিনি তার সাহিত্যিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গ্রিফিন কবিতা পুরস্কার, টি. এস. এলিয়ট পুরস্কার, গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার, ম্যাকআর্থার ফেলোশিপ, গুগেনহাইম ফেলোশিপ এবং স্পেনের আস্তুরিয়াস রাজকুমারী পুরস্কারসহ বহু মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেছেন।

অ্যান কারসন ১৯৫০ সালে কানাডার টরন্টো শহরে জন্মগ্রহণ করেন। টরন্টো বিশ্ববিদ্যালয়ে তিনি ধ্রুপদি সাহিত্য অধ্যয়ন করেন এবং পরবর্তী সময়ে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তার দীর্ঘ শিক্ষাজীবন ও গবেষণাকর্মের সঙ্গে প্রাচীন গ্রিক ভাষা, সাহিত্য ও দর্শনের গভীর সম্পর্ক রয়েছে।

তবে এত দীর্ঘ সাহিত্যিক ও শিক্ষাগত পরিচয় সত্ত্বেও কারসন তার ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে প্রকাশ করতে অত্যন্ত অনাগ্রহী। নিজের পরিচয়ও তিনি সচরাচর অত্যন্ত সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। আত্মপ্রচারের পরিবর্তে তার আগ্রহ নিজের কাজের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করা। এই আত্মগোপনপ্রবণতা তার সাহিত্যিক ব্যক্তিত্বেরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে বলে মনে করেন তার সমকালীন কবি ও লেখকেরা।

কারসনের ব্যক্তিজীবনের শোক ও বিচ্ছেদও তার সাহিত্যিক সৃষ্টিকে গভীরভাবে প্রভাবিত করেছে। ১৯৯৭ সালে তার মায়ের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে এবং পরবর্তী সময়ে তার রচনায় মাতৃবিয়োগের স্মৃতি ফিরে আসে। ২০০০ সালে তার বিচ্ছিন্ন ও মাদকাসক্ত ভাইয়ের মৃত্যু তাকে আরো এক গভীর শোকের মুখোমুখি দাঁড় করায়। ভাইয়ের স্মৃতি, অনুপস্থিতি ও বিচ্ছেদের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার বিখ্যাত গ্রন্থ ‘নক্স’। তার স্বামী রবার্ট কারি তার জীবন ও শিল্পচর্চার গুরুত্বপূর্ণ সহযাত্রী। এখনো দুজন মিলে বিভিন্ন পরীক্ষামূলক শিল্পপ্রকল্পে কাজ করেছেন এবং নির্জন পরিবেশে থেকেও সৃষ্টিশীলতার চর্চা অব্যাহত রেখেছেন।

অ্যান কারসন নিজেকে কেবল প্রচলিত অর্থে ‘কবি’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তার কাছে ‘কবি’ শব্দটির সঙ্গে দীর্ঘ ঐতিহ্য, বিশেষ মর্যাদা এবং এক ধরনের আড়ম্বর যুক্ত রয়েছে। এর পরিবর্তে তিনি প্রাচীন গ্রিক ধারণা ‘পোয়েসিস’-এর দিকে ফিরে তাকান। পোয়েসিসের অর্থ হলো নির্মাণ বা সৃষ্টি। এই ধারণায় সাহিত্যিক মূলত একজন নির্মাতা— তিনি শব্দ, স্মৃতি, পুরাণ, ইতিহাস, চিত্র এবং চিন্তার বিচ্ছিন্ন উপাদানকে একত্র করে নতুন একটি শিল্পরূপ নির্মাণ করেন। কারসনের সাহিত্যভাবনার কেন্দ্রে এই নির্মাণের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই কারণেই তার সাহিত্যকে কোনো একক প্রচলিত ঘরানার মধ্যে আবদ্ধ করা কঠিন। তার রচনায় কবিতা, প্রবন্ধ, নাটক, অনুবাদ, গীতিধর্মী গদ্য, পুরাণের পুনর্লিখন, চিত্রশিল্প এবং কোলাজ একে অপরের সঙ্গে মিশে যায়। তার বিশটিরও বেশি গ্রন্থে এই বহুমাত্রিক সৃষ্টিশীলতার পরিচয় পাওয়া যায়। তিনি মনে করেন, সাহিত্যকে একটি নির্দিষ্ট ছাঁচে আবদ্ধ করার প্রয়োজন নেই। বরং সাহিত্যিকের কাজ হলো পরিচিত রূপকে ভেঙে নতুন রূপ নির্মাণ করা। ফলে তার প্রতিটি গ্রন্থই যেন একটি নতুন শিল্পপরীক্ষা।

কারসনের সাহিত্যিক প্রকল্পের অন্যতম প্রধান ভিত্তি হলো ধ্রুপদি গ্রিক সাহিত্য ও পুরাণের আধুনিক পুনর্নির্মাণ। তিনি প্রাচীন গ্রিক কবি স্যাফো, স্টেসিখোরাস, নাট্যকার ইউরিপিদিস এবং রোমান কবি ওভিডের রচনাকে নতুন দৃষ্টিকোণ থেকে পাঠ করেছেন। কিন্তু তিনি নিছক অনুবাদ করেননি। বরং প্রাচীন কাহিনির ভেতরের প্রেম, আকাঙ্ক্ষা, সহিংসতা, বিচ্ছেদ ও শোককে আধুনিক মানুষের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছেন। এর ফলে হাজার বছরের পুরোনো চরিত্র ও ঘটনাগুলো তার লেখায় সমকালীন জীবনের সংকটের প্রতীক হয়ে উঠেছে।

১৯৯৮ সালে প্রকাশিত ‘লালের আত্মজীবনী’ তার এই  বইটি একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখানে প্রাচীন গ্রিক পুরাণের লাল ডানাবিশিষ্ট দানব গেরিয়ন এবং মহাবীর হারকিউলিসের কাহিনিকে তিনি আধুনিক প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করেছেন। পৌরাণিক চরিত্রগুলো আধুনিক মানুষের প্রেম, যৌনতা, নিঃসঙ্গতা ও প্রান্তিকতার অভিজ্ঞতা লাভ করে। ফলে প্রাচীন পুরাণ আর কেবল অতীতের গল্প থাকে না; তা হয়ে ওঠে আধুনিক মানুষের আত্মপরিচয় ও আকাঙ্ক্ষার ভাষা।

‘ট্রয়ের নর্মা জিন বেকার’ গ্রন্থে কারসন প্রাচীন ট্রয়ের হেলেনের কাহিনির সঙ্গে বিশ শতকের জনপ্রিয় সংস্কৃতির কিংবদন্তি মেরিলিন মনরোর জীবনকে পাশাপাশি স্থাপন করেছেন। নর্মা জিন বেকার ছিল মনরোর জন্মনাম। কারসন এই দুই নারীর জীবন ও সৌন্দর্যের সামাজিক নির্মাণকে পাশাপাশি এনে দেখিয়েছেন, কীভাবে সৌন্দর্য একই সঙ্গে আকর্ষণ, ক্ষমতা, পণ্য এবং বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। একইভাবে ‘এইচ-এর এইচ নাট্যপুস্তক’-এ ইউরিপিদিসের ‘হেরাক্লিস’ নাটককে আধুনিক পরীক্ষামূলক কাঠামোয় পুনর্লিখন করে তিনি মানুষের ক্রোধ, শোক ও আত্মবিনাশের প্রশ্নকে নতুনভাবে সামনে এনেছেন।

কারসনের সাহিত্যভাবনায় ভাষার সীমাবদ্ধতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার মতে, ভাষা মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে এবং একসঙ্গে বসবাসের যন্ত্রণা কিছুটা লাঘব করে। কিন্তু একই ভাষা মানুষের গভীর ক্ষতকেও আবার উন্মুক্ত করতে পারে। মানুষ যা অনুভব করে এবং যা ভাষায় প্রকাশ করতে পারে, তাদের মধ্যে সবসময় একটি দূরত্ব থেকে যায়। কোনো শব্দই অনুভূতির সম্পূর্ণ সমতুল্য নয়। ফলে সাহিত্য মূলত সেই অসম্পূর্ণতার সঙ্গে বসবাসের একটি শিল্প।

ব্যাকরণ নিয়েও কারসনের চিন্তা অত্যন্ত সৃষ্টিশীল। তার ব্যাখ্যায় বিশেষ্য পৃথিবীর জিনিসগুলোর নাম দেয়, ক্রিয়াপদ সেই নামগুলোকে গতিশীল করে এবং বিশেষণ কোনো বস্তুকে তার নির্দিষ্ট গুণ ও অবস্থানের সঙ্গে যুক্ত করে। তিনি বিশেষণকে অস্তিত্বের ‘আঁকশি’ বা সংযোগ-কড়ির সঙ্গে তুলনা করেছেন। সাধারণ ব্যাকরণগত উপাদানকে এভাবে অস্তিত্বের দার্শনিক প্রশ্নের সঙ্গে যুক্ত করাই কারসনের সাহিত্যিক চিন্তার একটি বিশেষ বৈশিষ্ট্য।

১৯৮৬ সালে প্রকাশিত ‘ইরোস দ্য বিটারসুইট’ গ্রন্থে কারসন আকাঙ্ক্ষার প্রকৃতি নিয়ে গভীর আলোচনা করেছেন। তার মতে, ইরোস বা তীব্র আকাঙ্ক্ষা পূর্ণতার মধ্যে নয়, বরং প্রাপ্তি ও অপ্রাপ্তি, জানা ও অজানার মধ্যবর্তী দূরত্বে জন্ম নেয়। মানুষ যা চায় এবং যা পায় না, তার মধ্যকার শূন্যতাই আকাঙ্ক্ষাকে সক্রিয় রাখে। অর্থাৎ ভালোবাসা ও আকাঙ্ক্ষার শক্তি অনেক সময় পূর্ণতার চেয়ে অসম্পূর্ণতার মধ্যেই বেশি প্রবল হয়ে ওঠে।

এই ধারণার সঙ্গে কারসনের ভাষা ও নীরবতার দর্শনেরও গভীর সম্পর্ক রয়েছে। তার ‘সংক্ষিপ্ত কথোপকথন’ গ্রন্থে ছোট ছোট গদ্য-কবিতার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন, একটি কবিতার অর্থ শুধু উচ্চারিত শব্দে থাকে না; শব্দের মধ্যবর্তী ফাঁকেও অর্থ জন্ম নেয়। চিত্রশিল্পে রঙের বিন্দুগুলোর মধ্যবর্তী শূন্যতা যেমন পুরো ছবিকে অর্থপূর্ণ করে তোলে, তেমনি কবিতার নীরবতা ও অসম্পূর্ণতা পাঠককে নিজের অভিজ্ঞতা দিয়ে অর্থ পূরণ করার সুযোগ দেয়।

‘ওভিডকে নিয়ে সংক্ষিপ্ত কথা’ অংশে তিনি নির্বাসিত রোমান কবি ওভিডের একাকিত্বকে কল্পনা করেছেন। নির্বাসনের অন্ধকারে ওভিড যেন প্রতিরাতে বিষাদকে পোশাকের মতো গায়ে জড়িয়ে কবিতা লিখে চলেছেন। আবার ‘সিলভিয়া প্লাথকে নিয়ে সংক্ষিপ্ত কথা’ অংশে তিনি কবির জীবন ও ভাষাকে অন্য একজনের দৃষ্টিকোণ থেকে দেখেছেন। সেখানে জটিল সাহিত্যিক ভাষা সাধারণ মানুষের কাছে কখনো কখনো এমন কিছু হয়ে ওঠে, যার অর্থ সহজে ধরা যায় না। ‘আশ্রয় নিয়ে সংক্ষিপ্ত কথা’ অংশে অস্বাভাবিক ও অসম্ভব এক চিত্রকল্পের মাধ্যমে তিনি পাঠককে অর্থের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে বাধ্য করেন।
কারসনের সাহিত্যিক দর্শনের আরেকটি কেন্দ্রীয় বিষয় হলো সৌন্দর্য। তার কাছে সৌন্দর্য কেবল আনন্দের বিষয় নয়; সৌন্দর্য অনেক সময় হতাশা ও আকাঙ্ক্ষারও জন্ম দেয়। সুন্দর কোনো কিছুকে পাওয়ার ইচ্ছা এবং তাকে ধরে রাখতে না পারার বেদনা মানুষের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি করে। এই শূন্যতাই আবার শিল্পের জন্ম দিতে পারে। ফলে সৌন্দর্য তার কাছে একই সঙ্গে আকর্ষণ ও বিচ্ছেদের উৎস।

উদ্ধৃতি সম্পর্কেও কারসনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত অভিনব। অন্যের লেখা থেকে একটি বাক্য বা অংশ গ্রহণ করার মধ্যে যেমন আনন্দ রয়েছে, তেমনি তার মধ্যে বিপদের সম্ভাবনাও রয়েছে। কারণ উদ্ধৃতি নেওয়া মানে অন্যের জীবন, চিন্তা বা অভিজ্ঞতা থেকে একটি অংশ নিজের চিন্তার কাঠামোর মধ্যে নিয়ে আসা। ফলে উদ্ধৃতি একই সঙ্গে জ্ঞান আহরণের উপায় এবং অন্যের অভিজ্ঞতার ওপর এক ধরনের হস্তক্ষেপ।

ট্র্যাজেডি বা বিয়োগান্তকতার ব্যাখ্যাতেও কারসনের ভাবনা গভীর। তার মতে, মানুষের ভেতরের ক্রোধের পেছনে থাকে শোক। আর সেই শোক থেকেই অনেক সময় জন্ম নেয় ধ্বংসাত্মক ক্রোধ। অর্থাৎ মানুষের সহিংসতা বা আত্মবিনাশকে বুঝতে হলে তার অন্তর্নিহিত বেদনা ও ক্ষতকে বুঝতে হবে। এই দৃষ্টিভঙ্গি তার ধ্রুপদি গ্রিক ট্র্যাজেডির পাঠেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তার কল্পনায় এমন একটি গ্রন্থাগারের ছবিও দেখা যায়, যেখানে সব বই গলে গেছে। মেঝের ওপর দিয়ে বইয়ের বাক্যগুলো তরলের মতো বয়ে যাচ্ছে এবং যতিচিহ্নগুলো তলানিতে জমে রয়েছে। এই অদ্ভুত চিত্রকল্পের মধ্য দিয়ে তিনি ভাষার প্রচলিত কাঠামো ভেঙে যাওয়ার একটি দৃশ্য কল্পনা করেন। কিন্তু সেই ধ্বংসের মধ্যেই রয়েছে নতুন অর্থের সম্ভাবনা। ভাষা যখন তার পুরোনো কাঠামো হারায়, তখনই হয়তো নতুন ধরনের সাহিত্যিক অভিযাত্রা শুরু হতে পারে।

প্রেম সম্পর্কেও কারসনের দৃষ্টিভঙ্গি একই সঙ্গে আকর্ষণীয় ও নির্মম। তার কাছে প্রেমে পড়া মানুষ একে অপরের দিকে প্রবল আকাঙ্ক্ষায় ধাবিত হয়। কিন্তু তাদের মধ্যকার পার্থক্যও ক্রমাগত তাদের আহত করে। ভালোবাসার মানুষকে সম্পূর্ণভাবে নিজের করে পাওয়া যায় না; অন্য মানুষ সবসময়ই কিছুটা অপর থাকে। সেই দূরত্বই প্রেমকে তীব্র করে এবং একই সঙ্গে তাকে বেদনাময় করে তোলে।

অ্যান কারসনের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে- ১৯৮৬ সালের ‘ইরোস দ্য বিটারসুইট’, ১৯৯২ সালের ‘সংক্ষিপ্ত কথোপকথন’, ১৯৯৮ সালের ‘লালের আত্মজীবনী’, ২০০১ সালের ‘অবসর সময়ের মানুষ’, ২০০১ সালের ‘স্বামীর সৌন্দর্য’, ২০১০ সালের ‘নক্স’, ২০১৩ সালের ‘লাল নথি’, ২০২০ সালের ‘ট্রয়ের নর্মা জিন বেকার’, ২০২২ সালের ‘এইচ-এর এইচ নাট্যপুস্তক’ এবং ২০২৪ সালের ‘ভুল নর্মা’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব গ্রন্থে তার কবিতা, গবেষণা, পুরাণের পুনর্নির্মাণ, অনুবাদ, ব্যক্তিগত শোক, চিত্রশিল্প এবং পরীক্ষামূলক সাহিত্যরীতির সমন্বয় দেখা যায়।

২০০১ সালে ‘অবসর সময়ের মানুষ’ গ্রন্থের জন্য তিনি গ্রিফিন কবিতা পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ‘লাল নথি’ গ্রন্থের জন্য ২০১৪ সালে আবারও এই পুরস্কার অর্জন করেন। একইভাবে ‘স্বামীর সৌন্দর্য’ গ্রন্থের জন্য তিনি টি. এস. এলিয়ট পুরস্কার লাভ করেন। ‘ট্রয়ের নর্মা জিন বেকার’ গ্রন্থের জন্য তিনি ২০২০ সালে গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার পান। এ ছাড়া ম্যাকআর্থার ফেলোশিপ, গুগেনহাইম ফেলোশিপ এবং আস্তুরিয়াস রাজকুমারী পুরস্কার তার আন্তর্জাতিক মর্যাদাকে আরো সুদৃঢ় করেছে।

কারসনের সাহিত্যিক ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার অধরা অবস্থান। তিনি যেমন নিজেকে প্রচলিত ‘কবি’ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করেন না, তেমনি তার সাহিত্যও কোনো নির্দিষ্ট ঘরানার সীমানা মানে না। প্রাচীন গ্রিক পুরাণের ভগ্নাংশ, আধুনিক মানুষের ব্যক্তিগত সংকট, ভাষার সীমাবদ্ধতা, আকাঙ্ক্ষার দূরত্ব, শোকের স্মৃতি এবং নীরবতার ফাঁক—সবকিছু তিনি একত্র করে এমন এক সাহিত্যিক জগৎ নির্মাণ করেছেন, যেখানে পাঠককে প্রস্তুত উত্তর দেওয়া হয় না।