ঢাকা, বুধবার ১১, নভেম্বর ২০২৬ ৯:২৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৫ এএম, ১১ নভেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনেত্রী তাসনিয়া ফারিণকে এবার দেখা যাবে ডার্ক কমেডি ঘরানার ওয়েব সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করছেন তিনি। বিয়ের সাজে হাতে পিস্তল নিয়ে প্রকাশিত সিরিজটির প্রথম ঝলক ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। সম্প্রতি সিরিজটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। প্রকাশিত ছবিতে ফারিণকে কনের সাজে পিস্তল হাতে দেখা গেছে। তার পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ।

বেশ কিছুদিন পর ওটিটি সিরিজে ফিরছেন ফারিণ। মাঝের সময়ে সিনেমার কাজে ব্যস্ত ছিলেন তিনি। নতুন সিরিজে নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, তার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটিও ব্যতিক্রমী। ডার্ক কমেডি ঘরানার গল্প হওয়ায় চরিত্রটির মধ্যেও রয়েছে বেশ কিছু অন্ধকার দিক। সিরিজে এবারই প্রথম কমেডি চরিত্রে অভিনয় করছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার ও মার্ডার মিস্ট্রিনির্ভর কাজের আধিক্যের মধ্যে ভিন্ন স্বাদের গল্পে অভিনয়ের আগ্রহ থেকেই ‘ডাকাতিয়া বাঁশি’ বেছে নিয়েছেন বলে জানান ফারিণ। তার আশা, সিরিজটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।

নির্মাতা ইমরাউল রাফাত জানান, সিরিজটির গল্পে নানা স্তর ও চমক রয়েছে। প্রতিটি পর্বে দর্শকদের আগ্রহ ধরে রাখতে রহস্য ও টানটান পরিস্থিতি রাখা হয়েছে। ডার্ক কমেডি তার পরিচিত ঘরানা হলেও কাজটি নির্মাণে চ্যালেঞ্জ রয়েছে বলে জানান তিনি।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল। চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।