ঢাকা, শুক্রবার ১৩, নভেম্বর ২০২৬ ৬:০৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শর্মিলা ঠাকুরের মেয়ের কাঁধে ১০০০ কোটির সাম্রাজ্য! 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ এএম, ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার

অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও তার বড় মেয়ে সাবা আলি খান।

অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও তার বড় মেয়ে সাবা আলি খান।

বলিউডের গ্ল্যামার দুনিয়া থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন তিনি। ভাই সইফ আলি খান কিংবা বোন সোহা আলি খানের মতো অভিনয় জগতে পা রাখেননি সাবা আলি খান। তবে প্রচারের আলো থেকে দূরে থাকলেও, পতৌদি পরিবারের প্রায় ১০০০ কোটি টাকারও বেশি মূল্যের ঐতিহ্য রক্ষার গুরুদায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। পরিবারের এই বিশাল সম্পত্তি ও ঐতিহাসিক দায়িত্ব সামলানোর ভার কীভাবে এল সাবার হাতে?

সাবা হলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান পতৌদির মেয়ে। তাঁর বাবা, যিনি টাইগার পতৌদি নামেও পরিচিত, তিনি ভোপালের নবাব বেগম সাজিদা সুলতানের পুত্র। সাজিদা সুলতানের বিয়ে হয়েছিল পতৌদির অষ্টম নবাব ইফতিখার আলি খানের সঙ্গে। ভোপালের নবাব বেগম হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন সাজিদা। তাঁর মৃত্যুর পর সেই দায়িত্ব সামলান টাইগার। পরে পরিবারের এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব মেয়ে সাবার হাতে তুলে দেন তিনি।

পরিবারের এই ঐতিহ্যের মূল্য ১০০০ কোটি টাকারও বেশি কি না, প্রশ্ন করা হলে সম্মতি জানান সাবা। তিনি আরও জানান, ভোপালের এই প্রকল্পের সঙ্গে মক্কা ও মদিনারও যোগ রয়েছে। হজযাত্রীদের থাকার ব্যবস্থা করতে ‘রুবাত’ নামে ঐতিহ্যবাহী অতিথিশালার জন্য ভবন অধিগ্রহণ করা হয়। অর্থাৎ, সাবার দায়িত্ব শুধু পারিবারিক সম্পত্তি রক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় জনকল্যাণমূলক কাজও।